১২ দিন পর ছেলেকে ফিরে পেলেন আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার ১২ দিন পর মুফতি ফজলুল হক আমিনীর ছেলে আবুল হাসনাতকে (৩০) গতকাল শুক্রবার ভোরে রাজধানীর বকশীবাজার এলাকা থেকে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।হাসনাত জানান, অপহরণকারীরা তাঁকে গতকাল ভোরে হাতকড়া পরিয়ে গামছা দিয়ে চোখ বেঁধে গাড়িতে তোলে। এরপর বকশীবাজারের নবকুমার ইনস্টিটিউটের মাঠে এনে নামিয়ে রাখে এবং তাঁর মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে চলে যায়। এরপর তিনি স্ত্রীকে ফোন করে অবস্থান জানালে আধা ঘণ্টা পর শ্বশুর ও শ্যালক এসে তাঁকে নিয়ে যান।ছেলে ফিরে পাওয়ার পর ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি আমিনী গতকাল বেলা ১১টায় লালবাগ মাদ্রাসায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন। তিনি অভিযোগ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গত ১০ এপ্রিল আমার ছেলেকে অপহরণ ও গুম করা হয়েছে। আবার তাঁর নির্দেশেই ফিরিয়ে দেওয়া হয়েছে।’এর আগে ১৭ এপ্রিল বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ সংবাদ সম্মেলন করে বলেছেন, আমিনী নিজেই ছেলেকে লুকিয়ে রেখে নাটক সাজিয়েছেন। সরকারের এই অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি আমিনী বলেন, ‘নিজের কলিজার টুকরা ছেলেকে নিয়ে কেউ রাজনীতি করতে পারে এ কথা বিশ্বাস করাও আমার জন্য কঠিন। শেখ হাসিনা যেমন মিথ্যুক, তাঁর মন্ত্রিপরিষদের প্রতিটি সদস্যও মিথ্যুক।’ তাঁর দাবি, নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে আন্দোলন থেকে বিরত রাখতে তাঁর ছেলেকে গোয়েন্দা সংস্থার লোকজন অপহরণ ও গুম করেছিল।সংবাদ সম্মেলনে আমিনীর ছেলে হাসনাত বলেন, ‘১০ এপ্রিল ধোলাইখাল এলাকায় এক দোকানে বসে আইসক্রিম খাচ্ছিলাম। তখন একটি গাড়ি এসে সেখানে থামে। দুজন লোক আমাকে জোর করে গাড়িতে তোলে। গাড়িতে ওয়্যারলেস ও অস্ত্র দেখে আমার ধারণা হয়, তারা সরকারি লোক। আমাকে হাসতে দেখে তারা বলে, “হাসতেছ, বুঝবা মজা।” এ কথা বলে আমার চোখ বেঁধে হাতকড়া পরিয়ে নিয়ে যায়।’হাসনাত বলেন, তাঁকে দু-তিন ধাপ সিঁড়ি ডিঙিয়ে উঠতে হয় এমন একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। সব সময় তাঁর চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল। তিনি বলেন, ‘আমাকে বারবার বলা হতো, তোর শেষ ইচ্ছা কী? তোর বাপ তো চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। তুই কি তোর বাপকে থামাতে পারবি? তোর বাবাকে দুই মাস রাজনীতি থেকে দূরে রেখে ঘরের মধ্যে রাখতে হবে। তারা আমাকে বুঝাতে চেয়েছে, তারা একটি বিশেষ বাহিনীর লোক।’ সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামীসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।