১২ দিনে একজন গ্রেপ্তার, বাকিরা শনাক্ত হয়নি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূর হত্যার পর ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলার এজাহারভুক্ত মাত্র এক আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে। সরকার ভিডিও ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের নির্দেশ দিয়েছিল। কিন্তু এখনো সবাইকে শনাক্ত করতে পারেনি পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা নাটোর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘ভিডিও ফুটেজ পরীক্ষা করেছি। ফুটেজে মামলায় অভিযুক্তদের পাশাপাশি অনেক অপরিচিতের ছবি রয়েছে। তাদের মধ্যে কারা সানাউল্লাহ হত্যাকাণ্ডে জড়িত, তা যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’ তবে কতজন অপরাধীকে শনাক্ত করা গেছে তা বলতে চাননি তদন্ত কর্মকর্তা।মামলার তদন্ত প্রসঙ্গে এসআই হান্নান বলেন, ‘তদন্ত স্বাভাবিক গতিতে চলছে। বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করছি।’তবে সানাউল্লাহ হত্যা ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ওই দিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় আহত বিএনপির নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হত্যাকাণ্ডের ব্যাপারে এখনো পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেনি এবং জবানবন্দীও নেয়নি। বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আলী প্রথম আলোকে বলেন, ‘দিনের পরিষ্কার আলোয় আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা সানাউল্লাহ নূরকে আমার সামনে হত্যা করল। আমি তাঁকে রক্ষা করতে গিয়ে আহত হলাম। কিন্তু এত দিনেও পুলিশ বা প্রশাসনের কেউ ঘটনার ব্যাপারে আমার কাছে জানতে আসেনি। আমার জানামতে, ঘটনার সময় উপস্থিত কাউকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। আমরা ম্যাজিস্ট্রেটের সামনেও সাক্ষ্য দিতে রাজি আছি। কিন্তু আমরা জানি প্রশাসন তা করবে না। সরকারি দলের নেতাদের হুংকারে তারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।’সানাউল্লাহর ওপর হামলার দিন আহত চার সাংবাদিকের একজন তোফাজ্জল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘হামলাকারীদের আঘাতে গুরুতর আহত হয়েছি। তবে পুলিশের কেউ আমার সঙ্গে দেখা করতে আসেনি। আমার বাবা বড়াইগ্রাম থানায় অভিযোগ দিয়েছেন। সে ব্যাপারেও কেউ খোঁজ নেয়নি।’ জানা গেছে, সানাউল্লাহ নূর হত্যা মামলা দায়েরের পরপরই আসামি ছাত্রলীগের কর্মী রাসেল ওরফে রাপ্পুকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডেও নেওয়া হয়। কিন্তু তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আর কোনো আসামিকেও গ্রেপ্তার করা হয়নি।নাটোরের পুলিশ সুপারের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম দাবি করেছেন, ‘সানাউল্লাহ নূর হত্যা মামলার তদন্ত সঠিকভাবে চলছে। প্রতিনিয়ত আসামিদের সন্ধান করা হচ্ছে। তাদের গ্রেপ্তারের জন্য আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের বাড়িতেও অভিযান চালানো হয়েছে। কিন্তু তারা আত্মগোপন করায় তাদের ধরা যাচ্ছে না।’