১২ পুলিশসহ ১৯ জনকে গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে ‘ক্রসফায়ারে’র নামে এক সার ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে পুলিশ। এরপর খুনের ঘটনা ধামাচাপা দিতে অন্য সব ঘটনার মতো ক্রসফায়ারের গল্প সাজানো হয়। বিচার বিভাগীয় তদন্তে বলা হয়, এ ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।তদন্তে বেরিয়ে আসে, নাটোরের সিংড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিকসহ পুলিশের ১২ সদস্য ও সাত সহযোগী ওই ব্যবসায়ীর খুনের সঙ্গে জড়িত। গ্রাম্য দলাদলির জের ধরে পুলিশকে ব্যবহার করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। এরপর গত সোমবার (১০ মে) নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আক্তারুজ্জামান এসব কর্মকর্তা ও তাঁদের সহযোগীদের গ্রেপ্তারের নির্দেশ দেন।২০০৮ সালের ২৬ জুলাই নাটোরের সিংড়া উপজেলার কাকিয়ানের জঙ্গলে এ হত্যাকাণ্ড ঘটে। এর শিকার হয়েছিলেন সিংড়া বাজারের সার ব্যবসায়ী আনছার আলী (৩২)।আদালতের এই আদেশ সম্পর্কে নাটোরের জ্যেষ্ঠ আইনজীবী সাজেদুর রহমান খান বলেন, আইন প্রয়োগকারী সংস্থার হাতে গ্রেপ্তার হওয়ার পর কারও মৃত্যু হলে তার দায়দায়িত্ব তাদেরই নিতে হবে। কয়েক বছর ধরে আইন প্রয়োগকারী সংস্থা এ সত্যকে মানতে চাইছে না। আদালতের এই আদেশ সেই সত্যকে প্রতিষ্ঠিত করেছে।২০০৪ সালের পর থেকে দেশে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত মৃত্যুর ঘটনা ঘটছে। এসব ঘটনায় এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এসব ঘটনার প্রতিবাদ করে আসছে। ক্রসফায়ারের একাধিক ঘটনায় মামলা হলেও বিচার বিভাগীয় তদন্তের পর গ্রেপ্তারের নির্দেশ এটাই প্রথম। নাটোরের আইনজীবীরা মনে করেন, এ ঘটনার মাধ্যমে ক্রসফায়ারের বিরুদ্ধে মানবাধিকারকর্মীদের অবস্থান আরও শক্ত হবে।নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক আদালত সূত্র জানায়, সিংড়া উপজেলার বামিহাল গ্রামের রজব আলী ২০০৯ সালের ১৭ আগস্ট তাঁর ছেলে আনছার আলীকে হত্যার অভিযোগ এনে আদালতে মামলা করেন। মামলায় তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার আশিক সাঈদ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আশরাফুল হক, সিংড়া থানার ওসি আবু বক্করসহ ২১ জনকে আসামি করা হয়।মামলায় অভিযোগ করা হয়, আনছার আলীকে সুপরিকল্পিতভাবে হত্যা করে ‘ক্রসফায়ারের’ মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। এরপর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আক্তারুজ্জামান মামলাটি গ্রহণ করে বিচারিক হাকিম মাহমুদুল হাসানকে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিচার বিভাগীয় তদন্তে অভিযুক্ত ব্যক্তিরা ছাড়াও ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। এতে প্রমাণিত হয়, আনছারকে পুলিশ ২০০৮ সালের ২৩ জুলাই রাত নয়টা থেকে ১০টার মধ্যে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে প্রথমে সিংড়া থানায় নিয়ে যায়। ২৬ জুলাই সন্ধ্যা পর্যন্ত আনছারের বাবা রজব আলীসহ তাঁর তিন আত্মীয় সিংড়া থানায় গিয়ে আনছারের সঙ্গে দেখা করেন এবং কথাও বলেন। ওই সময় ওসি আনছারকে ২৭ জুলাই আদালতে পাঠানো হবে বলে তাঁদের জানান। এরপর ২৬ জুলাই রাতে থানা থেকে ২৫ কিলোমিটার দূরে কাকিয়ানের জঙ্গলে আনছারকে গুলি করে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। পরদিন সিংড়া থানার এএসআই জসিম উদ্দিন বাদী হয়ে মামলা করেন। এতে বলা হয়, পুলিশের একটি টহল দল কাকিয়ান জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় আনছারসহ ডাকাতেরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে টহল দলের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এতে আনছার মারা যান। কিন্তু আনছার যে আগে থেকেই পুলিশি হেফাজতে ছিলেন, সে তথ্য মামলায় গোপন করা হয়। বিচার বিভাগীয় তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন, ‘আনছারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা অবস্থাতেই হত্যা করে লাশ কাকিয়ান জঙ্গলে ফেলে রাখা হয়েছিল।’ তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, আনছার ক্রসফায়ারে মৃত্যুবরণ করেননি। বরং তাঁকে গ্রেপ্তারের পর থানাহাজতে নির্যাতনের মাধ্যমে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বিস্ময় প্রকাশ করে বলা হয়, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আনছার ২৫ কিলোমিটার দূরে কাকিয়ানের জঙ্গলে অন্য ডাকাতদের সঙ্গে কীভাবে মিলিত হলেন? তদন্ত কর্মকর্তা ওই ঘটনায় সিংড়ার তৎকালীন ওসি আবু বক্কর, উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী, সহকারী উপপরিদর্শক প্রদ্যুৎ কর, কনস্টেবল জসিম, আছির উদ্দিন, কামাল, মোতালেব ওরফে সানু, কাশেম, আনোয়ার, মফিজ, হাফিজুর রহমান, ব্যাটালিয়ন আনসার অধীর চন্দ্র, পুলিশের স্থানীয় সহযোগী সেলিম, হানিফ, ফিরোজ, আমজাদ হোসেন, কুদ্দুস, রশীদ ও মজিবরের জড়িত থাকার সত্যতা পান।অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আক্তারুজ্জামান ১০ মে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পর্যালোচনা করেন। এরপর আসামিদের বিরুদ্ধে আনছার আলীকে সুপরিকল্পিতভাব অপহরণের পর হত্যার অভিযোগ (৩৬৪/৩০২/৩৪ দ. বি.) গ্রহণ করেন। একই সঙ্গে তিনি আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়ে পরোয়ানা জারি করেন। মামলার অপর আসামি অতিরিক্ত পুলিশ সুপার আশিক সাঈদ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আশরাফুল হকের বিরুদ্ধে অভিযোগের সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতে জানানো হয়।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সিংড়ার তৎকালীন ওসি আবু বক্কর বলেন, ‘আনছার পুলিশ হেফাজতে মারা যাননি। আমরা আইনগতভাবে এর সমাধানের চেষ্টা করব।’যোগাযোগ করা হলে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমরা এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করিনি। সবকিছু আইনানুগভাবেই হয়েছে।’আদালতের এ আদেশের পর জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি ও আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, ক্রসফায়ারের সব ঘটনা যে সাজানো, তা এই তদন্তের মাধ্যমে আবারও প্রমাণিত হলো। বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যথেষ্ট কষ্টসাধ্য। তবুও নিরপেক্ষ তদন্তে ঘটনা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। মামলার বাদী রজব আলী বলেন, ‘বামিহাল বাজারের খাজনা আদায় নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় সেলিম-হানিফরা পুলিশকে হাত করে আমার ছেলেকে হত্যা করে। আমি তার বিচার চাই।’