১২ ফেব্রুয়ারি জামায়াতের বিক্ষোভ কর্মসূচি
আগামী ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী।আজ রোববার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ কর্মসূচির ঘোষণা দিয়ে তা শান্তিপূর্ণভাবে পালন করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া, সরকারের জুলুম-নির্যাতন বন্ধ, দলের শীর্ষ নেতাসহ বিরোধী দলের সব নেতা-কর্মীর মুক্তি, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান পুনর্বহাল করা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে এ কর্মসূচি দেওয়া বলে বিবৃতিতে বলা হয়।বিবৃতিতে রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম প্রভাবিত করার উদ্দেশ্যেই সরকার পরিকল্পিতভাবে সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। ট্রাইব্যুনালকে নিজস্ব ছকে চলতে বাধ্য করার জন্য সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে যাচ্ছেন। রাজধানীর শাহবাগ ও দেশের অন্যান্য স্থানে নিজেদের দলের লোকদের সমবেত করে উসকানিমূলক অশ্লীল বক্তব্য-বিবৃতি দিয়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। জামায়াতের এই নেতা আরও বলেন, ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে সরকারের মন্ত্রীরা এখন আইন পরিবর্তনের কথাও বলতে শুরু করেছেন। এ থেকেই প্রমাণিত হয়, জামায়াতের নেতারা ট্রাইব্যুনাল গঠনের পর থেকেই ন্যায়বিচার না পাওয়ার যে আশঙ্কা ব্যক্ত করে আসছেন, তা সত্য।