১২ বছর ধরে অনশন করে রিপ্লিতে শর্মিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মনিপুর রাজ্যের এক নারী। নাম তাঁর ইরম শর্মিলা। ৪০ বছর বয়সী এই নারী টানা ১২ বছর ধরে অনশন করে যাচ্ছেন। রাজ্য সরকারের এক বিতর্কিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁর এই অনশন। নিরবচ্ছিন্ন এ প্রতিবাদের জন্য তিনি ‘রিপ্লিজ বিলিভ ইট অর নট’-এর রেকর্ড বইয়ে ‘মণিপুরের লৌহ মানবী’ হিসেবে স্থান করে নিয়েছেন। বিবিসি অনলাইনের এক খবরে গতকাল এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, ভারতের মণিপুর রাজ্যের সশস্ত্র বাহিনীকে ‘আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ারস অ্যাক্ট’ বলে পরিচিত আইনের মাধ্যমে বিশেষ ক্ষমতা দেওয়া হয়। এতে রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বা বামপন্থী গেরিলাদের বিরুদ্ধে অভিযানে নিরাপত্তা বাহিনী ব্যাপক ক্ষমতা পেয়েছে। সরকার ও সশস্ত্র বাহিনীর ভাষ্য, রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে এই আইন বহাল রাখা প্রয়োজন। কিন্তু সুশীল সমাজের অনেকে মনে করছেন, এই আইনের মাধ্যমে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করছেন। ২০০০ সালের ২ নভেম্বর থেকে শর্মিলা এই আইনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ অনশন করে আসছেন। তখন থেকে তাঁর নাকের ভেতর পাইপ ঢুকিয়ে তাঁকে খাওয়ানো হচ্ছে। অনশন বন্ধ করতে সরকার বিভিন্ন সময় তাঁকে অনুরোধ করেছে। বারবার তিনি তা ফিরিয়ে দিয়েছেন। বিতর্কিত আইনটি বাতিল না করা পর্যন্ত তিনি অনশন বন্ধ করবেন না বলে জানিয়েছেন। সম্প্রতি রিপ্লির সাইটে শর্মিলাকে নিয়ে একটি ফিচারধর্মী কার্টুন প্রকাশ করা হয়েছে। যেখানে তাঁকে ‘দ্য আয়রন লেডি অব মণিপুর’ আখ্যা দেওয়া হয়েছে। মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল-ভিত্তিক একটি বেসরকারি সংস্থা ‘জাস্ট পিস ফাউন্ডেশন’। সংস্থাটির ট্রাস্টি ক্ষেত্রিমায়ুম অনিল বিবিসিকে বলেন, গত মার্চের মাঝামাঝি সময়ে তিনি শর্মিলা সম্পর্কে জানাতে রিপ্লিকে ই-মেইল করেন। এর কয়েক দিন পর লুকাস স্ট্র্যাম নামে রিপ্লির একজন গবেষক অনিলকে ফিরতি ই-মেইলে জানান, শর্মিলাকে নিয়ে তাঁরা ফিচারধর্মী কার্টুন প্রকাশ করেছেন।প্রায় ২৫ লাখ মানুষের এই রাজ্যে রয়েছে বিপুল সংখ্যক সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী ও পুলিশ। ১৯৮০ সাল থেকে এসব বাহিনী কমপক্ষে ১২টি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করে আসছে। ২০০০ সালের নভেম্বরে আসাম রাইফেলস আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে ১০ জন মণিপুরি তরুণকে হত্যার অভিযোগ ওঠে। ওই ঘটনার পরই ইরম শর্মিলা অনশন শুরু করেন।