১২ বছর শিক্ষকদের বেতন নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছরের বেশি সময় ধরে বেতন-ভাতা পাচ্ছেন না বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের আটজন শিক্ষক-কর্মচারী। এ অবস্থায় তাঁরা পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। বিদ্যালয় সূত্র জানায়, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে প্রাথমিকভাবে ছয়জন শিক্ষক ও দুজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। কিন্তু এমপিওভুক্ত না হওয়ায় ১২ বছর ধরে চাকরি করেও শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না। বর্তমানে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২০০। প্রধান শিক্ষক আবদুল আলিম বলেন, তারতা গ্রামের চার কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যালয় না থাকায় এলাকাবাসীসহ সব রাজনৈতিক দল মিলে বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। বর্তমানে বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। বেতন-ভাতা না পেয়েও শিক্ষকেরা কাজ চালিয়ে যাচ্ছেন। শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড়াও রয়েছে অনেক সমস্যা। বিদ্যালয়টিতে মোট কক্ষ চারটি। এর একটি শিক্ষকদের, অপরটিতে চলে পাঠদান কার্যক্রম। এ ছাড়া বেঞ্চসহ অন্য আসবাবপত্রের সমস্যা রয়েছে। বিদ্যালয়টি একটু নিচু জায়গায় হওয়ায় সামান্য বৃষ্টিতে এর চারপাশে পানি জমে যায়। প্রধান শিক্ষক বলেন, ‘সরাসরি সরকারিভাবে না হলেও স্থানীয় উপজেলা প্রশাসন যদি বিদ্যালয়টির দিকে একটু নজর দিত, তাহলেও আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারতাম।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান বলেন, ‘বিদ্যালয়টির ব্যাপারে আমাকে অবহিত করা হয়নি। তবে ভবিষ্যতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির জন্য যত দূর সম্ভব সহায়তা করা হবে ।