১২ বছরের সাজাপ্রাপ্ত হুজির দুই সদস্য গ্রেপ্তার
হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) ১২ বছরের সাজাপ্রাপ্ত দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।আজ সোমবার সকালে ও গতকাল রোববার রাতে পৃথক অভিযানে কুমিল্লা থেকে আবুল কাশেম ওরফে আবদুল্লাহকে, ময়মনসিংহ থেকে আবদুল হক ওরফে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।আবুল কাশেমের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পূর্ব মাকিয়াকান্দি গ্রামে। আর আবদুল হকের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামে।সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করে র্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা। প্রথমে রাত নয়টার দিকে কুমিল্লার মেঘনার কান্দারগাঁও মাদ্রাসা থেকে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে, আজ সকাল সাতটার দিকে ময়মনসিংহের ভালুকা বাজার বাসস্ট্যন্ড থেকে আবদুল হককে গ্রেপ্তার করেন র্যাবের গোয়েন্দারা।র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, বিডিআর ও পুলিশের যৌথ অভিযানে ১৯৯৬ সালের ১৯ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া থানার দুর্গম পাহাড়ে হুজির প্রশিক্ষণ শিবির থেকে গ্রেপ্তার হয়েছিলেন এই দুজন। ওই সময় হুজির আরও ৪১ সদস্য গ্রেপ্তার হয়েছিলেন। পরে কক্সবাজার জেলা বিশেষ ট্রাইব্যুনাল গ্রেপ্তার হওয়া সব জঙ্গিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।সাজা পাওয়া ব্যক্তিরা উচ্চ আদালতে আপিল করলে আদালত যাবজ্জীবন সাজার পরিবর্তে তাদের ১২ বছর করে সাজা দেন।র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল বলেন, আদালতে আপিলের পর সাজার আদেশের আগেই অধিকাংশ আসামি অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান।জামিন পেয়েই তাঁরা সবাই পালিয়ে যান। তাঁদের মধ্যে আবুল কাশেম পরিচয় গোপন রেখে কুমিল্লার মেঘনা উপজেলার কান্দারগাঁও মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।