১২ ব্লকে পিএসসির দরপ্রস্তাব আহ্বান
সমুদ্রবক্ষের ১২টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি ২০১২) স্বাক্ষরের জন্য আন্তর্জাতিক দরপ্রস্তাব আহ্বানের প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার। ১৭ ডিসেম্বর থেকে আগামী বছরের ১৮ মার্চ পর্যন্ত দরপ্রস্তাব নেওয়া হবে।পেট্রোবাংলা গতকাল রোববার বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এ সময় পিএসসির প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়। এবারের পিএসসিতে রপ্তানির কোনো বিধান নেই। তবে পেট্রোবাংলা কিনতে না পারলে কোম্পানিগুলো দেশের মধ্যে তৃতীয় পক্ষের কাছে সরাসরি গ্যাস বিক্রি করতে পারবে। লভ্যাংশের ওপর করপোরেট ট্যাক্স দিতে হবে কোম্পানিগুলোকেই, যা বর্তমানে পেট্রোবাংলা দেয়। গত ১১ সেপ্টেম্বর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পিএসসিটি অনুমোদন করে। নভেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অনুমোদন দেন। পিএসসির জন্য নির্ধারিত ব্লকগুলোর মধ্যে নয়টি অগভীর (এসএস) ও তিনটি গভীর সমুদ্রের (ডিএস)। এসএস ব্লকগুলো হলো: ২, ৩, ৪, ৬, ৭, ৮, ৯, ১০ ও ১১ নম্বর। ডিএস ব্লকগুলো হলো: ১২, ১৬ ও ২১ নম্বর।কোম্পানিগুলোর মনোযোগ আর্থিক বিশ্লেষণ ও অবস্থানের তথ্যের ওপর: পেট্রোবাংলার আনুষ্ঠানিক ঘোষণার পর দরপ্রস্তাবে অংশ নিতে আগ্রহী একাধিক বিদেশি কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হলে তাদের সূত্রগুলো জানায়, তারা বিশেষভাবে মনোযোগী হবে পিএসসির আর্থিক বিশ্লেষণ ও ব্লকগুলোর অবস্থানসংক্রান্ত (বেসিন) তথ্যাদির প্রতি।পেট্রোবাংলার ঘোষণায় বলা হয়েছে, পিএসসি ২০১২-এর আর্থিক বিশ্লেষণ অনুযায়ী প্রতি ইউনিট গ্যাসের দাম পড়বে প্রায় পাঁচ মার্কিন ডলার। এ ব্যাপারে কোম্পানিগুলোর সূত্র জানায়, তারা হিসাব করে দেখেছে, কোম্পানি করপোরেট ট্যাক্স দিলে প্রতি ইউনিট গ্যাসের দাম পাঁচ ডলার ৭০ সেন্ট হওয়া দরকার। আর কোম্পানিগুলোকে ট্যাক্স থেকে অব্যাহতি দিলে প্রতি ইউনিটের দাম সাড়ে চার ডলার হওয়া দরকার।সমুদ্রবক্ষের ১৬ নম্বর ব্লকের (সাঙ্গু) পিএসসিতে প্রতি ইউনিট গ্যাসের দাম ২ দশমিক ৯০ ডলার। তবে বর্তমানে ওই ব্লকের পরিচালক কোম্পানি স্যান্তোস তৃতীয় পক্ষের কাছে প্রতি ইউনিট বিক্রি করছে সাড়ে চার ডলার দরে।পিএসসি ২০১২-এর অর্থিক বিশ্লেষণ সম্পর্কে জানতে চাইলে গতকাল অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) মুহাম্মাদ ইমাদুদ্দীন বলেন, ‘গ্যাসের আন্তর্জাতিক বাজারদর আমাদের জন্য অ্যাফোর্ডেবল নয়। তবে আমরা একটা ভারসাম্য রাখার চেষ্টা করেছি। কারণ, কিছু জিনিস না ছাড়লে কোনো কোম্পানি আসবে না। আবার কিছু জিনিস হাতে না রাখলে আমাদেরও কিছু থাকবে না।’এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দেশের জন্য ভালো এবং কোম্পানিগুলোর জন্য আকর্ষণীয়—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা হয়েছে।কোম্পানিগুলোর মনোযোগের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ব্লকগুলোর অবস্থান। কোম্পানিগুলোর সূত্র জানায়, বাংলাদেশ ভূখণ্ডে মূলত দুটি বেসিনে তেল-গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এর একটি সুরমা বেসিন, অন্যটি বেঙ্গল বেসিন। সুরমার বৈশিষ্ট্য হলো, সেখানে গ্যাসক্ষেত্রের সংখ্যা কম, কিন্তু মজুত বেশি। বেঙ্গল বেসিনে ক্ষেত্রের সংখ্যা বেশি, কিন্তু প্রতিটিতে মজুত কম। কোনো কোনোটিতে মজুত এত কম যে তা বাণিজ্যিক ভিত্তিতে উত্তোলনযোগ্য নয়।সমুদ্রবক্ষের ক্ষেত্রগুলো বেঙ্গল বেসিনের অন্তর্ভুক্ত। তবে সূত্রগুলো জানায়, বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ব প্রান্তের যে ১২টি ব্লকে পিএসসির জন্য দরপ্রস্তাব চাওয়া হয়েছে, তার অনতিদূরে মিয়ানমারের সমুদ্রসীমায় গ্যাসের বড় মজুত আবিষ্কৃত হয়েছে। সেই বিবেচনায় বাংলাদেশের ক্ষেত্রগুলোর সম্ভাবনাও নতুন করে খতিয়ে দেখা প্রয়োজন। হিসাব অনুযায়ী, গভীর সমুদ্রের কোনো ব্লকে ৮০০ বিসিএফের (বিলিয়ন ঘনফুট) কম মজুত থাকলে তা বাণিজ্যিক ভিত্তিতে উত্তোলনযোগ্য হবে না। আর অগভীর সমুদ্রে অন্তত ৫০০ বিসিএফ মজুত না থাকলে কোনো ক্ষেত্র বিনিয়োগযোগ্য হবে না।মুনাফা বা লভ্যাংশ বণ্টন: পিএসসি ২০১২ অনুযায়ী, অগভীর সমুদ্রের কোনো ব্লকে দৈনিক উৎপাদন সাড়ে সাত কোটি ঘনফুটের মধ্যে হলে পেট্রোবাংলা লভ্যাংশের কমপক্ষে অর্ধেক পাবে। দৈনিক উৎপাদন ১৫ কোটি ঘনফুট পর্যন্ত হলে পেট্রোবাংলা লভ্যাংশের ৫৫ শতাংশ, উৎপাদন ২৫ কোটি ঘনফুট পর্যন্ত হলে পেট্রোবাংলা ৬০ শতাংশ, উৎপাদন ৪০ কোটি ঘনফুট হলে পাবে ৬৫ শতাংশ। উৎপাদন ৬০ কোটি ঘনফুট পর্যন্ত হলে ৭০ শতাংশ এবং ৬০ কোটি ঘনফুটের বেশি উৎপাদন হলে পেট্রোবাংলা পাবে লভ্যাংশের কমপক্ষে ৭৫ শতাংশ।গভীর সমুদ্রের কোনো ব্লকে পেট্রোবাংলার লভ্যাংশ ৫৫ শতাংশ থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত হবে।পিএসসি ২০১২-তে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র: এই পিএসসিতে কুতুবদিয়া এবং ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে চিহ্নিত টেকনাফ গ্যাসক্ষেত্র দুটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দুটি ক্ষেত্র যে কোম্পানির হবে, তাদের ওই দুটি ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাসের লভ্যাংশ হিসেবে অতিরিক্ত পাঁচ শতাংশ গ্যাস পেট্রোবাংলাকে দিতে হবে।পেট্রোবাংলা জানিয়েছে, আগামী জুন মাসের মধ্যে পিএসসি সই এবং আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুসন্ধান শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধে গত বছর আন্তর্জাতিক আদালতের (ইটলস) রায় পাওয়ার পর দেশের পূর্ব প্রান্তের সমুদ্রসীমা ব্লকগুলো পুনর্গঠন করে পেট্রোবাংলা। পশ্চিম প্রান্তের সীমানা নিয়ে ভারতের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর ২০১৪ সালে পরবর্তী বিডিং রাউন্ড করার পরিকল্পনা রয়েছে।গতকালের অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুল হক, জ্বালানিসচিব মেজবাহউদ্দিন ও পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বক্তব্য দেন।