১২ মার্চ ঢাকাকে তাহরির স্কয়ার বানাতে চেয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলকে মিথ্যাচারের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আর মিথ্যাচার করবেন না, বহু মিথ্যাচার করেছেন। ১২ মার্চ মহাসমাবেশ করে ঢাকাকে তাহরির স্কয়ার বানাতে চেয়েছিলেন। কিন্তু আপনাদের সে চেষ্টা সফল হয়নি। আন্দোলন সংগ্রাম ও হুমকি-ধামকি দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানো যাবে না। তাই আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখাবেন না।’আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত ‘স্বাধীনতা: বঙ্গবন্ধুর স্বপ্ন ও বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।‘বিরোধী দল অসত্য কথা বলে জাতিকে বিভ্রান্ত করছে’ দাবি করে হানিফ বলেন, ‘তারা (বিএনপি) বলে আমরা নাকি তাদের নির্যাতন করছি। কিন্তু তাদের পাঁচ বছরের কথা আলোচনা করলে আমাদের শরীর শিউরে উঠে। তারা ক্ষমতায় থাকাকালীন আমাদের ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে। লক্ষাধিক নেতা-কর্মীকে আটক ও ১০ হাজার নারীকে পাশবিক নির্যাতন করেছিল।’ খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি দেশ ও জাতির অনেক ক্ষতি করেছেন আর ক্ষতি করবেন না। মিথ্যা কথা বলে জাতিকে আর বিভ্রান্ত করবেন না।’‘তারেককে মিথ্যা মামলায় জড়াচ্ছে আওয়ামী লীগ’—মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘আপনারা বলছেন তারেককে আমরা মিথ্যা মামলায় জড়াচ্ছি। তাঁর কোনো মামলা আমরা প্রমাণ করতে পারিনি। এর চেয়ে মিথ্যা আর কী হতে পারে?’শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিজানুর ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল হক, সভাপতিমণ্ডলীর সদস্য মেজর (অব.) মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ কুমার গোস্বামী প্রমুখ বক্তব্য দেন। বাসস।