১২ মার্চ দেখেছেন, ১৪ মার্চ দেখেননি
রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিকল্প কোনো প্রস্তাব থাকলে সেটা সংবিধানসম্মত এবং গণতান্ত্রিক হতে হবে। কোনো অনির্বাচিত সরকারকে এক সেকেন্ডের জন্যও দেশ শাসন করতে দেওয়া হবে না। কারণ সংবিধান অনুযায়ী অনির্বাচিত সরকার দিয়ে দেশ পরিচালনার সুযোগ নেই।জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় অংশ নিয়ে রেলমন্ত্রী আজ মঙ্গলবার এসব কথা বলেন। স্পিকার আবদুল হামিদ অধিবেশনে সভাপতিত্ব করেন। সংসদ চলাকালে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশন কক্ষে আসেন।অধিবেশনে সরকারদলীয় মন্ত্রী ও সাংসদেরা ১২ মার্চের বিরোধী দলের মহাসমাবেশের কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন, বিরোধী দলের সমাবেশকে কেন্দ্র করে দুরভিসন্ধি ছিল। তাঁরা এমনও অভিযোগ আনেন যে বিরোধী দল পাকিস্তান থেকে অর্থ এনে এই সমাবেশ করেছে।সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, ‘১২ মার্চ দেখেছেন। ১৪ মার্চ দেখেননি। ৯০ দিনের আল্টিমেটাম দিয়েছেন কীসের জন্য? যুদ্ধাপরাধীদের বিচার ভণ্ডুল, নাকি দুই ছেলে এবং ক্যান্টনমেন্টের বাড়ি রক্ষা করতে। কিন্তু এই সরকার যুদ্ধাপরাধীদের বিচারে কোনো ছাড় দেবে না।’সুরঞ্জিত বলেন, সত্যি যদি তত্ত্বাবধায়ক সরকার আল্টিমেটামের কারণ হয়, তবে ৯০ দিন কেন, এখনই সংসদে এসে প্রস্তাব দিন। এ জন্য আল্টিমেটামের দরকার নেই। প্রস্তাব ভালো হলে সবার অংশগ্রহণে সেটা নিয়ে খোলা বিতর্ক হবে। আওয়ামী লীগ, ১৪ দল, সংসদ খোলামন নিয়ে অপেক্ষা করছে। তত্ত্বাবধায়ক সরকার যা, অন্তর্বর্তীকালীন সরকারও তা।নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রস্তাব দিয়েছেন, তাঁকে রাজনৈতিক দূরদর্শিতা অভিহিত করেন সুরঞ্জিত। তিনি বলেন, বিশ্বব্যাংকে আমেরিকান এবং আইএমএফে ইউরোপীয় ছাড়া কেউ প্রেসিডেন্ট হন না। কিন্তু একদিন আসবে, যখন আমেরিকার বাইরের দেশের লোক বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হবেন। এই রাজনৈতিক দূরদর্শিতা খালেদা জিয়াকে বুঝতে হবে।এর আগে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত জোটের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। জনগণ ঘৃণা ভরে এ আহ্বান প্রত্যাখ্যান করেছে। মহান স্বাধীনতার মাসে মহাসমাবেশের নামে এই কর্মসূচি এক মহা-তামাশায় পরিণত হয়েছে। ৫০ লাখ লোকের জমায়েতের কথা বলা হলেও এক লাখ লোকও হয়নি।সাংসদ উপনেতা বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘খালেদা জিয়াকে অনুরোধ জানাই, চলো চলো ঢাকা চলো কর্মসূচি বাদ দিয়ে চলো চলো সংসদে চলো-বলে সংসদে আসুন, রাজপথ উত্তপ্ত করে দেশ ও জনগণের ক্ষতি করবেন না। যা বলার সংসদে এসে বলুন। গণতন্ত্রের কথা মুখে বললেই তো হবে না, গণতন্ত্রের পীঠস্থান এই মহান সংসদে আসতে হবে।’সাজেদা চৌধুরী বিরোধী দলের মহাসমাবেশের সমালোচনায় আরও বলেন, ‘তাদের অভিসন্ধি ছিল বিপুলসংখ্যক লোককে জমায়েত করে দেশকে এক অরাজকতার দিকে ঠেলে দেওয়া এবং ঘোলা পানিতে মাছ শিকার করা। কিন্তু জনগণ তাদের দুরভিসন্ধি নস্যাত্ করে দিয়েছে।’উপনেতা বলেন, ইস্যুবিহীন আন্দোলন করছে বিএনপি। আর জানমাল রক্ষায় নিয়োজিত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়েছে এখন তাদের লক্ষ্যবস্তু। খালেদা জিয়া ভুলে যাচ্ছেন, এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর নিরাপত্তাও দিয়ে থাকে। তিনি আরও বলেন, ‘আমরা রাজাকারমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। তাই আমাদের গণ-অভ্যুত্থানের ভয় দেখিয়ে রাজাকারদের রক্ষার প্রচেষ্টায় আমরা মোটেই বিচলিত নই।’উপনেতা আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যেমন মারের জবাব মার বলে আমরা খান সেনাদের বিরুদ্ধে লড়েছি, আজও তেমনি তাদের প্রেতাত্মা বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে আমাদের সবাইকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।’শেখ ফজলুল করিম সেলিম বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন, ‘সংসদে আসতে কি লজ্জা লাগে?। বাইরে বসে হুমকি-ধমকি দেন।’শেখ সেলিম বলেন, নির্বাচনের আগে বিএনপি বলেছিল, বিরোধী দলে গেলে সংসদ বর্জন করবে না। তিনি খালেদা জিয়াকে আবারও ইঙ্গিত করে বলেন, ‘ওর কোন কথাটি সত্যি।’ তিনি আরও বলেন, বিধি অনুযায়ী খালেদা জিয়ার সদস্যপদ রাখতে হলে নয় কার্যদিবসের মধ্যে সংসদে আসতে হবে। তিনি বলেন, ‘আসবেন তো বটেই, কারণ উনি টাকার লোভ ছাড়বেন না।’শেখ সেলিম ১২ মার্চের বিএনপি সমাবেশে ১০০ কোটি টাকা খরচ হয়েছে বলে ধারণা পোষণ করেন। বলেন, ‘এত টাকা আসছে কোথা থেকে? আইএসআইয়ের টাকা?’ তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি শক্তিশালী কমিটি গঠন করে এর তদন্তের দাবি করেন।অধিবেশন কাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।