বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভয় দেখায়। কিন্তু তারাই তত্ত্বাবধায়ক সরকারকে ভয় পায়।খালেদা জিয়া বলেন, ‘ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার ছিলেন না। অবৈধ সরকার ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার কোনো দিন নির্বাচনে বাধা দেয়নি।’আজ সোমবার চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চারদলীয় জোটের জনসভায় বক্তব্য দেওয়ার সময় খালেদা জিয়া এসব কথা বলেন। ওই জনসভায় খালেদা জিয়া আগামী ১২ মার্চ ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ওই দিন ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশ করা হবে। এ ছাড়া ২৯ জানুয়ারি ঢাকাসহ বিভাগীয় সব শহরে গণমিছিল হবে। আগামী ফেব্রুয়ারিতে সারা দেশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হবে। ওই মাসে এসএসসি পরীক্ষার জন্য বড় কোনো কর্মসূচি দেওয়া হয়নি বলে তিনি জানান। খালেদা বলেন, শান্তিপূর্ণ এসব কর্মসূচিতে কোনো বাধা দিলে দায়দায়িত্ব হবে সরকারের। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে হবে সরকারকে। তিনি সরকারের প্রতি নিজেদের ব্যর্থতা মেনে নেওয়ার জন্য আহ্বান জানান।জনসভায় খালেদা বলেন, বিনা টেন্ডারে অতিরিক্ত দামে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করছে বর্তমান সরকার। এর মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে। এ জন্য সরকারকে বিদ্যুতের খাতে ভর্তুকি দিতে হচ্ছে। আর তাই দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ছে। এ কারণে জনগণকে বেশি দামে বিদ্যুত্ কিনতে হচ্ছে।খালেদা জিয়া বলেন, সরকার অনেক বিদ্যুেকন্দ্র নষ্ট করে রেখেছে। তারা জনগণকে কষ্ট দিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ গত তিন বছরে কোনো কাজ করেনি। বিএনপির সময় চালের দাম ছিল ১৫-১৬ টাকা। আর আওয়ামী লীগের সময় তা বেড়ে হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা। তিনি বলেন, এই সরকার নিজেদের ধর্মনিরপেক্ষ বলে। কিন্তু আসলে তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না।