১২ মার্চের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, বিরোধী দল ১২ মার্চ কর্মসূচির মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, ‘তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাদের এজেন্ডাই হলো যেকোনো মূল্যে একাত্তরের ঘাতক-দালালদের রক্ষা করা।’আজ সোমবার বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট চলচ্চিত্র-নির্মাতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আলমগীর কুমকুমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।মোহাম্মদ নাসিম বলেন, যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়, তারা বাংলাদেশের মিত্র নয়। দেশে গণতন্ত্র তারা চায় না। যুদ্ধাপরাধীদের বিচার হোক, তা বিরোধী দল চায় না। কিন্তু এ দেশের মাটিতে এ সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।চিত্রনায়ক ফারুক বলেন, বিরোধী দল যুদ্ধাপরাধীদের বাঁচানোর পাঁয়তারা করছে। জাতি এখন যুদ্ধাপরাধীদের বিচার দেখতে চায়। তাদের বিচার সঠিকভাবে করতে দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি তিনি আহ্বান জানান।রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখার উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। সেখানে প্রধান বক্তা ছিলেন জোটের ভারপ্রাপ্ত সভাপতি চিত্রনায়ক ফারুক, সহসভাপতি দিলারা ইয়াসমিন, রাজিয়া আহমেদ, আলমগীর কুমকুমের ছোট ভাই মুজিব মোহসীন, ক্রীড়া সংগঠক ওহিদুজ্জামান মতিন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজউদ্দিন মিয়া প্রমুখ। বাসস।