১২ মার্চের সমাবেশ নিষিদ্ধ করার দাবি হানিফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ১২ মার্চের সমাবেশ নিষিদ্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ আহ্বান জানান।সভায় মাহবুব উল আলম হানিফ বলেন, ১২ মার্চের সমাবেশে বিএনপি জ্বালাও পোড়াও ও ধ্বংসাত্মক কর্মসূচি দিতে চায়। তা ছাড়া বিএনপির নেতা সাদেক হোসেন খোকা নিজেই ১২ মার্চে সাংসদ-মন্ত্রীদের রাস্তায় বের হতে নিষেধ করেছেন বলে তিনি উল্লেখ করেন।সম্প্রতি সৌদি কূটনীতিক হত্যার বিষয়ে বলতে গিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, গুলশানে বিএনপির কার্যালয় থাকায় ওই এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ওই কার্যালয়ের সামনে আগেও বোমাবাজির ঘটনা ঘটেছে। তাই কূটনৈতিকপাড়ার নিরাপত্তার স্বার্থে বিএনপির কার্যালয় সরিয়ে নেওয়ার দাবি জানান তিনি। সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে, ১২ মার্চের সমাবেশে সংঘাত সৃষ্টি হবে।’ এ ছাড়া ১২ মার্চে কর্মসূচি বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, ওই সমাবেশে বিএনপির সঙ্গে জামায়াত থাকবে। তাঁর দাবি, হরকাতুল জিহাদসহ বিভিন্ন জঙ্গি সংগঠন জামায়াতের তৈরি। এদের বিএনপি নিয়ন্ত্রণ করতে পারবে না বলেও মত দেন আইন প্রতিমন্ত্রী। আইন প্রতিমন্ত্রী আরও বলেন, ১২ মার্চের কর্মসূচি সফল করার জন্য আয়োজিত প্রস্তুতি সভাতেও তারা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়েছে। তাই মনে করা হচ্ছে, ১২ মার্চের কর্মসূচিতে বিএনপি সংঘাতে জড়িয়ে পড়বে। ১১ মার্চ আওয়ামী লীগের মানববন্ধন এবং ১৪ মার্চ মহাসমাবেশের প্রস্তুতি হিসেবে এ সভার আয়োজন করা হয়। সভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ মহানগর ১৪ দলের নেতারা বক্তব্য দেন।