১২ শর্তে হেফাজতে ইসলামকে সমাবেশ করার অনুমতি
১২টি শর্তে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশকে। গতকাল বৃহস্পতিবার মহানগর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাদের বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়।ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে জানান, হেফাজতে ইসলামের সদস্যসচিব জুনায়েদ আল হাবিবি গত ৩০ মার্চ পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে সমাবেশের অনুমতি চান। এই আবেদনে সংগঠনটির পক্ষ থেকে তিনটি স্থানের (মানিক মিয়া অ্যাভিনিউ, পল্টন ময়দান ও শাপলা চত্বর) যেকোনো একটি জায়গায় সমাবেশ করার অনুমতি চাওয়া হয়। গতকাল সকালে পুলিশের পক্ষ থেকে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়।মহানগর পুলিশ সূত্র জানায়, যেসব শর্তে হেফাজতে ইসলামকে অনুমতি দেওয়া হয়েছে, সেগুলো হলো ১. শাপলা চত্বর থেকে নটর ডেম কলেজ-আরামবাগ হয়ে ফকিরাপুল ক্রসিং পর্যন্ত সমাবেশের স্থান। ২. এ এলাকার ভেতরেই মাইক অথবা সাউন্ড বক্স ব্যবহার করতে হবে। ৩. সমাবেশের জন্য নির্ধারিত এলাকার বাইরে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না। ৪. সমাবেশের মঞ্চ বানাতে হবে ফুটপাত ঘেঁষে। ৫. সমাবেশে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। ৬. নির্ধারিত সময় অর্থাৎ বেলা ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। ৭. নির্ধারিত সময়ের আগে বা পরে কোনো স্থানে সমবেত হওয়া যাবে না। ৮. সমাবেশের নির্ধারিত এলাকার বাইরে কোথাও যান ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না। ৯. সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা-পরিপন্থী ও জনস্বার্থবিরোধী কার্যকলাপ চালানো যাবে না। ১০. সমাবেশের নিরাপত্তার জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক আয়োজকদেরই নিয়োগ করতে হবে। ১১. যেকোনো কারণে পুলিশ এই অনুমতি বাতিল করতে পারবে। ১২. সমাবেশের স্থান ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।পুলিশ কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ সমাবেশ করার লক্ষ্যে সংগঠনটির নেতাদের সঙ্গে বৈঠক করেন মহানগর পুলিশ কমিশনার। বৈঠকে পুলিশ কমিশনার ছাড়াও অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, মতিঝিল ও রমনার উপকমিশনার উপস্থিত ছিলেন। হেফাজতে ইসলামের পক্ষে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে সাতজন নেতা উপস্থিত ছিলেন।বৈঠকের পর পুলিশ কর্মকর্তারা জানান, হেফাজতের নেতারা পুলিশের শর্ত মেনে নিয়েছেন। তাঁরা সমাবেশ শান্তিপূর্ণ করার জন্য পুলিশের সহযোগিতা চেয়েছেন। পুলিশের পক্ষ থেকেও তাঁদের সহযোগিতা চাওয়া হয়েছে।জানতে চাইলে সমাবেশের অন্যতম আয়োজক মাওলানা মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, পুলিশের সব শর্ত তাঁরা মেনে নিয়েছেন। সমাবেশে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া হবে না। তিনি বলেন, ‘হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। বৈঠকে সেটাই পুলিশকে বোঝানো হয়েছে।’