১২ হাজার খনিশ্রমিক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বড় প্লাটিনাম উত্পাদনকারী কোম্পানি অ্যাংলো আমেরিকান প্লাটিনাম দক্ষিণ আফ্রিকার ১২ হাজার খনিশ্রমিককে বরখাস্ত করেছে। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়। অ্যাংলো আমেরিকান প্লাটিনাম এক বিবৃতিতে জানায়, শৃঙ্খলা ভঙ্গসংক্রান্ত শুনানিতে হাজির হতে ব্যর্থ ২১ হাজার ধর্মঘটি শ্রমিকের মধ্যে ১২ হাজার শ্রমিককে বরখাস্ত করা হয়েছে। কাজে ফিরে আসতে কোম্পানির পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও শ্রমিকদের উপস্থিতির হার ২০ শতাংশেরও নিচে ছিল।বরখাস্ত হওয়া খনিশ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে তিন সপ্তাহ ধরে অনানুষ্ঠানিক ধর্মঘট পালন করছিলেন।এর আগে দক্ষিণ আফ্রিকায় গত আগস্টে ধর্মঘটরত প্লাটিনাম খনিশ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে ৩৪ জন শ্রমিক ও কর্মকর্তা নিহত হন।নতুন এই সিদ্ধান্ত দেশটির খনিশিল্পে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।