১২ হাজার টাকায় পাওয়া যাবে দেশীয় ল্যাপটপ
আসন্ন বাজেটে ইন্টারনেট গ্রাহকদের মূল্য সংযোজন করের (ভ্যাট) আওতামুক্ত রাখার সুপারিশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে মোবাইল ফোনসেটের ভ্যাট সাড়ে ১২ শতাংশ কমিয়ে ২০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।আজ বুধবার সংসদ ভবনে কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় হুইপ আ স ম ফিরোজ, আবদুল কুদ্দুস, খালিদ মাহমুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন রতন ও গোলাম মোস্তফা বৈঠকে অংশ নেন। এ ছাড়া বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মোবাইলের সিম কার্ডের ওপর বিদ্যমান ৮০০ টাকা কর বাতিল করার সুপারিশ করা হয়।সভায় জানানো হয়, আগামী জুলাই মাসে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) ল্যাপটপ বাজারজাত করবে। টেশিস প্রতিমাসে ১০ হাজার ল্যাপটপ উত্পাদন করবে বলেও সভায় জানানো হয়। তিন মডেলের এসব ল্যাপটপের দাম হবে যথাক্রমে ১২, ১৮ ও ২৭ হাজার টাকা।বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কমিটির সভাপতি হাসানুল হক ইনু।সংবাদ সম্মেলনে ইনু বলেন, বর্তমানে ইন্টারনেট গ্রাহকেরা ১৫ শতাংশ ভ্যাট দিয়ে থাকেন। গ্রাহকদের এর আওতামুক্ত রাখা হলে ইন্টারনেটের ব্যবহার বাড়বে। মোবাইল ফোনের ব্যবহার বাড়লে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। এ কারণেই আসন্ন বাজেটে সিম কার্ড ও মোবাইল সেটের ওপর ভ্যাট কমানোর সুপারিশ করেছে কমিটি।সভায় আগামী বাজেটে টেলিযোগাযোগ খাতে ব্যবহূত যন্ত্রপাতিসহ অন্যান্য খাতে শুল্ক কমানোর প্রস্তাবনা সংসদীয় কমিটি সরাসরি অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়।সভায় ইন্টারনেট-ভিত্তিক যন্ত্রপাতির ওপর ট্যাক্স ৪ শতাংশ ধার্য করার সুপারিশ করা হয়, বর্তমানে যা ৮ থেকে ৩১ শতাংশ পর্যন্ত রয়েছে।