১২ হাজার নৌযানের জন্য স্থায়ী জরিপকারক মাত্র একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে নৌযানের সংখ্যা প্রায় ২৫ হাজার বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। নিবন্ধিত এর মাত্র অর্ধেকের মতো, ১২ হাজার ২৭৫টি। আর এই বিপুলসংখ্যক নৌযানের জন্য বর্তমানে কর্মরত স্থায়ী জরিপকারক মাত্র একজন। জনবলের অভাব রয়েছে ম্যাজিস্ট্রেট, পরিদর্শকসহ অন্যান্য পদেও। এসব কারণে নিরাপদ নৌপথ নিশ্চিত করা সম্ভব হয়ে উঠছে না। এক বছর আগে গত বছরের ৩০ মে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। কিন্তু গত এক বছরে অবস্থার উন্নতি তো হয়ইনি, বরং কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই প্রেক্ষাপটে আজ বুধবার থেকে শুরু হচ্ছে নৌনিরাপত্তা সপ্তাহ।নদীবহুল এই দেশে এখনো অসংখ্য লোক নৌপথে যাতায়াত করে। প্রতিবছর লঞ্চ দুর্ঘটনায় শত শত যাত্রী মারা গেলেও নৌ-দুর্ঘটনা এড়াতে কিংবা দুর্ঘটনা ঘটলে উদ্ধার কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ ওই পদগুলোতে নিয়োগ বাড়ানো হচ্ছে না। দীর্ঘসূত্রতার নমুনা?: নিয়োগবিধি অনুযায়ী, জরিপকারক পদে একজন নৌ-স্থপতিকে নিয়োগ দিতে হয়। উপযুক্ত নৌ-স্থপতির অভাব থাকলে সরকারি প্রতিষ্ঠানের নৌ-প্রকৌশলী নিয়োগ দেওয়া যাবে। এর বাইরে নিয়োগ দেওয়ার উদ্যোগ হয়েছিল বলে ২০০৯ সালে বিধিমতো নিয়োগের দাবিতে একজন নৌ-স্থপতি হাইকোর্টে রিট আবেদন করেন। গত বছর হাইকোর্ট বিধিমতো নিয়োগের নির্দেশ দেন। ওই রায়ের প্রায় এক বছর পর সরকারি কর্মকমিশন (পিএসসি) মাস খানেক আগে দুজন জরিপকারকের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা মন্তব্য করেন, রায়ের প্রায় এক বছর পর লোক নিয়োগের উদ্যোগের বিষয়টি ভেবে দেখলেই বোঝা যায়, নৌনিরাপত্তার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর তাগিদ কতটা।স্থায়ী জরিপকারকের অভাব: সবশেষ হিসাব (ডিসেম্বর, ২০১০) অনুযায়ী, নৌযানের সংখ্যা ১২ হাজার ২৭৫টি। নিবন্ধন ছাড়া ছোট-বড় নৌযানের সংখ্যাও প্রায় সমপরিমাণ বলে অধিদপ্তর সূত্র জানায়। কিন্তু শুধু নিবন্ধিত কয়েক হাজার নৌযানের জন্যই জরিপকারকের পদ পাঁচ বন্দরের জন্য পাঁচটি। কিন্তু এই পাঁচ পদেও পাঁচজন স্থায়ী কর্মকর্তা থাকেন না। গত বছর এ সময়ে নিবন্ধিত সাড়ে নয় হাজার নৌযান জরিপের জন্য স্থায়ী জরিপকারক ছিলেন মাত্র দুজন। তাঁদের মধ্যে একজন একাই ঢাকা, নারায়ণগঞ্জ ও বরিশাল—এই তিনটি বন্দরের দায়িত্ব পালন করেছেন। বাকি একজন ছিলেন খুলনায় নিয়োজিত। বর্তমানে স্থায়ী জরিপকারক আছেন মাত্র একজন, খুলনায় নিয়োজিত মো. মুঈনউদ্দিন জুলফিকার। ঢাকায় এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগে আছেন মেরিন ফিশারিজ দপ্তরের কর্মকর্তা সাহাদাত হোসেন। চলতি মাসে তাঁর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নারায়ণগঞ্জেও একজনকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। গত ২০ এপ্রিল মেঘনা নদীতে এমভি বিপাশা লঞ্চ দুর্ঘটনার কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। সেখানে সমুদ্র পরিবহন অধিদপ্তরে পরীক্ষক হিসেবে প্রেষণে আসা মেরিন একাডেমির নাজমুল হককে দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছে। নাজমুল হক ২০০৯ সালে ঢাকায় জরিপকারক ছিলেন। এমভি কোকো-৪ দুর্ঘটনায় ৮১ জন মারা যাওয়ার পর তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল।অধিদপ্তরের বর্তমান কাঠামোতেই ম্যাজিস্ট্রেট থাকার কথা দুজন, কিন্তু আছেন একজন। পরিদর্শক নয়জনের জায়গায় আছেন পাঁচজন।কর্তৃপক্ষ যা বলে: যোগাযোগ করা হলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমদ প্রথম আলোকে বলেন, ‘এটা অনস্বীকার্য যে আমাদের জরিপকারক, পরিদর্শক, ম্যাজিস্ট্রেটসহ লোকবল অবশ্যই বাড়ানো দরকার। নৌযানের তুলনায় এসব পদে এত কমসংখ্যক লোক থাকায় আন্তর্জাতিকভাবে আমাদের প্রশ্নবিদ্ধ হতে হবে। বিশেষ করে ২০১৫ সালে আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) প্রতিনিধিরা এসে বিষয়টি দেখে সমস্যা করতে পারেন, এটা আমাদের মাথায় রাখতে হবে।’মহাপরিচালক আরও বলেন, ‘লোকবল বাড়ানো এবং যথাযথ করার বিকল্প কিছু আমাদের হাতে আসলেই নেই।’অন্য শীর্ষ কর্মকর্তারা বলেছেন, এখন থেকে অন্তত কোনো যাত্রীবাহী নৌযান অনিবন্ধিত থাকতে পারবে না। ‘টোকেন পদ্ধতি’ অবিলম্বে বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। হাতেগোনা কয়েকজন জরিপকারকের পক্ষে সব নৌযানের বিষয় দেখা দুরূহ বলে মত দিয়েছেন অনেক কর্মকর্তা। বিষয়টি দুর্নীতিরও সুযোগ করে দেয়। অনেক সময় জরিপকারক আগে থেকে দপ্তরে নির্ধারিত ফরমে সই করে রেখে দেন। শর্ত সাপেক্ষে ৪৫ দিন চলার জন্য টোকেন দেওয়ারও পদ্ধতি রয়েছে। এ ধরনের টোকেন নিয়ে চলার সময়ই গত এপ্রিলে এমভি বিপাশা দুর্ঘটনায় পড়ে।এদিকে গত রোববার এক আন্তমন্ত্রণালয় সভায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের লোকবল বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। গত বছরের সিদ্ধান্তের বাস্তবায়ন কম: গত বছরের ১৮ এপ্রিল নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার সদরঘাট টার্মিনালে যাত্রীদের প্রতি ইজারাদারের হয়রানি বন্ধ করতে ইজারা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ঘাট নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় কুলি-শ্রমিকদের। কিন্তু গতকাল বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করেন, হয়রানি করার মানুষ বদল হয়েছে, হয়রানি কমেনি। কুলিরা এখন মাল টানাহেঁচড়া না করলেও অস্বাভাবিক মজুরি চায়।গতবছর নিরাপত্তা সপ্তাহে সরকার নৌযানের মাস্টার, সারেংসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বলেও ঘোষণা দেওয়া হয়। নৌযানের নিবন্ধন বাধ্যতামূলক করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। কিন্তু এখনো অনেক নৌযানে নির্ধারিত মাস্টার-চালকদের পরিবর্তে অন্যরা দায়িত্ব পালন করছেন।