১২ হাজার মামলায় আটকে আছে প্রায় ৫,৫০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টে বিচারাধীন ১২ হাজার মামলায় সরকারের প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার রাজস্ব আটকে আছে। অর্থের অভাবে ভালো আইনজীবী নিয়োগ দেওয়া যাচ্ছে না। তাই অধিকাংশ মামলায় জেতার সম্ভবনা থাকলেও কিছুই করা যাচ্ছে না।সংসদ ভবনে আজ শনিবার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। কমিটিকে তথ্যগুলো জানিয়েছে মন্ত্রণালয়। কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব মামলা দ্রুত নিষ্পত্তি করে রাজস্ব আদায় বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। প্রয়োজনে এসব মামলা নিষ্পত্তির জন্য বিশেষ আইনজীবী নিয়োগেরও সুপারিশ করা হয়।সভায় রাজস্ব আয় বৃদ্ধি করতে আয়কর রিটার্ন ফরম আরও সহজ করা এবং এ সংক্রান্ত নীতিমালা আরও গণমুখী করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনই শুধু নয়, তার চেয়ে বেশি সংগ্রহ করার তাগিদ দেওয়া হয়েছে।বৈঠক শেষে কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, লক্ষ্যমাত্রা অনুসারে চলতি অর্থবছরে ৬১ হাজার কোটি টাকার আয়কর সংগ্রহ করতে হবে। এ আয়কর সংগ্রহ এবং লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয়কর আদায়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, আইনজীবীর টাকা জোগাড়ের অভাবে সরকারের হাজার হাজার কোটি টাকা আটকে থাকবে, তা হতে পারে না। এ জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।সভায় কমিটির সদস্য আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, এম এ মান্নান ও ফরিদা রহমান উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।