১২.১২.১২ দিনে আত্মহত্যা!
মৃত্যুকে স্মরণীয় করে রাখতে ১২.১২.১২ তারিখটি বেছে নিলেন ভারতের উত্তর প্রদেশের ৪০ বছর বয়সী কৃষ্ণ পাল নামের এক ব্যক্তি। গতকাল বুধবার গাজিয়াবাদের প্রতাপবিহার এলাকায় অবস্থিত ৮০ ফুট উঁচু একটি পানির ট্যাংক থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। গতকাল বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।মৃত্যুর আগে লেখা ১২ পৃষ্ঠার ‘আত্মহননবিষয়ক পত্রে’ কৃষ্ণ পাল দাবি করেন, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তিনি ১২-১২-১৯৭২ তারিখে জন্মেছিলেন। ২০১২ সালের ১২তম মাসের ১২ তারিখের ১২টা বেজে ১২ মিনিটে জীবনাবসান ঘটাতে চান তিনি। এভাবে আত্মহত্যার মধ্য দিয়ে জীবন-মৃত্যুর সিদ্ধান্ত ঈশ্বরের হাত থেকে ছিনিয়ে নিয়ে তিনি ঈশ্বরকে ‘চ্যালেঞ্জ’ করতে পারবেন বলে কৃষ্ণের দাবি। তবে স্কুলের সনদে তাঁর জন্মতারিখ ১০-১০-১৯৭২ লিপিবদ্ধ করিয়েছিলেন বলে জানান কৃষ্ণের মা-বাবা।আত্মহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যাপক প্রস্তুতি নেন কৃষ্ণ। থানার কাছাকাছি অবস্থিত প্রতাপবিহারের ওই পানির ট্যাংকে চড়ার আগে বেশ কিছু ইট ও পাথরের টুকরো জড়ো করেন, যাতে নিচ থেকে কেউ তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে ছুড়তে পারেন। তিনি রশি ও ১২ পৃষ্ঠার চিঠির কিছু ফটোকপি সঙ্গে নেন। সকাল ১০টার দিকে ট্যাংকের মাথায় ওঠেন কৃষ্ণ; এরপর রশিটি গলায় বাঁধেন। একপর্যায়ে চিঠির ফটোকপিগুলো নিচে ছুড়ে ফেলেন। কৃষ্ণ যখন আত্মহত্যার আয়োজনে ব্যস্ত, তখন সুযোগ বুঝে কয়েকজন ট্যাংকের চূড়ায় ওঠার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাজির হয়। পুলিশের উপস্থিতির তোয়াক্কা না করে মৃত্যুর প্রস্তুতি নিতে থাকেন কৃষ্ণ। এ সময় পুলিশ তাঁকে আত্মহত্যায় বাধা দেওয়ার চেষ্টা করলে কৃষ্ণ জানান, তিনি ভগবানকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন।এ পরিস্থিতিতে কৃষ্ণ ১২টা ১২ মিনিট ১২ সেকেন্ডে আত্মহত্যার সিদ্ধান্ত পরিবর্তন করে ১১টা পাঁচ মিনিটে ট্যাংক থেকে ঝাঁপিয়ে পড়েন। পুলিশ তাঁকে উদ্ধার করে এমএমজি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা কৃষ্ণকে মৃত ঘোষণা করেন।বুলান্দশার জেলার নারোরা শহরের অধিবাসী কৃষ্ণ পাল একটি নার্সারি পরিচালনা করতেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে রেখে গেছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজিয়াবাদের পুলিশ সুপার শিবশঙ্কর যাদবের ভাষ্য, কৃষ্ণ ছিলেন একজন মানসিক রোগী।