তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ জানিয়েছেন, দেশে নিবন্ধিত এক হাজার ২০০টি সিনেমা হলের মধ্যে ৭৫০টি বন্ধ হয়ে গেছে। সিনেমা হল মালিকেরা কম মুনাফার এই ব্যবসা ছেড়ে এখন অন্য লাভজনক ব্যবসার দিকে ঝুঁকে পড়েছেন। তাঁরা হল ভেঙে এখন বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব তথ্য জানান। এর আগে বেলা ১১টায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। তথ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে সিনেমা হলগুলোর সার্বিক পরিবেশ, জোট সরকারের আমলে অশ্লীল চলচ্চিত্রের পৃষ্ঠপোষকতা ও আকাশ সংস্কৃতির বিস্তারে টেলিভিশনে চলচ্চিত্র দেখার সুযোগ সৃষ্টি হওয়ায় দর্শকেরা সিনেমা হল বিমুখ হয়েছেন।বিএনপির সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিটিভিতে পরিবেশিত সংবাদের বস্তুনিষ্ঠতা সম্পর্কে জনমনে কোনো প্রশ্ন নেই। বিটিভির সংবাদ কোনো বাণিজ্যিক চমক সৃষ্টির জন্য পরিবেশিত হয় না। বিটিভির সংবাদ সরকারি প্রতিষ্ঠান হিসেবে স্বাভাবিক কারণেই বস্তুনিষ্ঠ। কারণ, বিটিভিকে প্রতিটি অনুষ্ঠানের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়। ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতি: বিদ্যুত্ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক জানান, বর্তমানে সারা দেশে চাহিদার তুলনায় প্রতিদিন ৩০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাসের ঘাটতি রয়েছে। মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নেটওয়ার্কভুক্ত গ্রাহকদের প্রয়োজনীয় গ্যাস সরবরাহ বজায় রাখার জন্য ২০০৯ সালের ২১ জুলাই থেকে সরকার গ্যাস সংযোগে নিষেধাজ্ঞা জারি করে। গ্যাসের উত্পাদন দৈনিক দুই হাজার ২০০ মিলিয়ন ঘনফুট না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত্ থাকবে। তিনি জানান, এ সরকার ক্ষমতা গ্রহণের পর সব মিলিয়ে ৪৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস বৃদ্ধি করা সম্ভব হয়েছে। তা ছাড়া গৃহীত কাজ যথাসময়ে শেষ করা সম্ভব হলে ২০১৫ সালের মধ্যে অতিরিক্ত প্রায় দুই হাজার ২৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্পাদন করা সম্ভব হবে।অপু উকিলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, নোয়াখালীর সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন আট থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হচ্ছে। এই গ্যাসক্ষেত্রে আরও একটি কূপ খনন করা হবে। কনকোফিলিপস গভীর সমুদ্রে তাদের জরিপ কাজ শেষ করেছে। বর্তমানে ডেটা প্রসেসের কাজ চলছে। জরিপের ফলাফলে ওপর ভিত্তি করে কূপ খননের কাজ শুরু হবে। বিএনপির আবুল খায়ের ভূঁইয়ার প্রশ্নের জবাবে এনামুল হক জানান, বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দেশের গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ করা সম্ভব হয় না। তবে আগামী বছর নভেম্বর-ডিসেম্বর মাসে কয়েকটি প্ল্যান্ট উত্পাদনে আসলে গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ করা সম্ভব হবে।