আয়কর ফাঁকি ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম একটি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন। আয়কর ফাঁকির মামলায় দেরিতে আপিল করায় তা মার্জনা চেয়ে আরেকটি সম্পূরক আবেদনও করা হয়েছে।বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল সোমবার আবেদনটি করা হয়। বিলম্ব মার্জনার আবেদনের ওপর আজ শুনানি হতে পারে বলে জানা গেছে।আপিলের ব্যাপারে শাহ আলমের আইনজীবী আহসানুল করিম জানান, সকালে আবেদনটি দাখিল করা হয়েছে। আয়কর অধ্যাদেশের দুটি ধারায় তাঁর আট বছর সাজা হয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। এ ছাড়া এক হাজার ২৬৮ দিনের (সাড়ে তিন বছর) বিলম্ব মার্জনা চেয়ে আরেকটি সম্পূরক আবেদন করা হয়েছে। আজ আবেদন শুনানির জন্য আসবে। বিলম্ব মার্জনা হলে জামিনের আরজি জানানো হবে বলে তিনি জানান।ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার প্রথম আলোকে বলেন, আয়কর ফাঁকির মামলায় রায়ের পর নির্ধারিত সময়ের এক হাজার ২৬৮ দিন পর আপিল করা হয়েছে। এ জন্য বিলম্ব মার্জনা চেয়ে আবেদন করা হয়েছে। বিলম্ব মার্জনার আবেদন মঞ্জুর হলে আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি হবে।গত রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ প্রথমে আয়কর ফাঁকির মামলায়, এরপর তিনটি দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শাহ আলম। বিশেষ জজ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক কাদের নেওয়াজ আয়কর ফাঁকির মামলায় তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে দুই বছরের সাজাপ্রাপ্ত শাহ আলম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-২-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার বিকেলে কারাগারে পাঠানোর ঘণ্টা খানেকের মধ্যে শাহ আলমকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।