১২৭ জনের বিপরীতে একটি কম্বল !
রংপুরের পীরগাছা উপজেলায় শীতার্ত ১২৭ জন মানুষের বিপরীতে একটি করে কম্বল বরাদ্দ দিয়েছে দুর্যোগ-ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এলাকার ৮০ হাজারের বেশি হতদরিদ্র শীতার্ত মানুষদের চাহিদার মুখে বরাদ্দকৃত এই কম্বল বিতরণ নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। জানা গেছে, উপজেলায় ঘন কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহে চরম কষ্টে দিনাতিপাত করছে ৮০ হাজারেরও বেশি মানুষ। এ কারণে ওই উপজেলায় মাত্র ৫৫০টি কম্বল বরাদ্দ দিয়েছে দুর্যোগ-ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সে হিসাবে গড়ে প্রতি ১২৭ জন মানুষের জন্য বরাদ্দ থাকছে মাত্র একটি কম্বল।এ বিষয়ে পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার আলী বলেন, এখন পর্যন্ত সরকারিভাবে শীতবস্ত্র পাওয়া যায়নি। তীব্র শীতে উপজেলার প্রায় ৮০ হাজার হতদরিদ্র মানুষ নিদারুণ কষ্টে পড়েছে। তারা শীতবস্ত্রের জন্য প্রতিদিন জনপ্রতিনিধিদের কাছে ভিড় করছে। পীরগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, প্রায় ৮০ হাজার মানুষের জন্য দুর্যোগ-ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৫৫০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।আজ শনিবার পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সরোয়ার জাহান বলেন, সরকারিভাবে বরাদ্দ পাওয়া কম্বলগুলো উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে শিগগির বিতরণ করা হবে।