১২৭ প্রকল্পের অর্থ বরাদ্দ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্পের মেয়াদ প্রায় শেষ অথবা শেষ হয়ে গেছে। অথচ বাস্তবায়নের অগ্রগতি সামান্য। এ রকম ১২৭টি প্রকল্পে অর্থ বরাদ্দ দেওয়া বন্ধ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। এসব প্রকল্পের মেয়াদ বাড়ানো না হলে আর অর্থ দেওয়া হবে না।জানা গেছে, চলতি ২০১০-১১ অর্থবছরে এর অনেকগুলো প্রকল্পেই অর্থ বরাদ্দ দেওয়া আছে। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে পরিকল্পনা মন্ত্রণালয় বলে দিয়েছে, এসব অর্থ আর ব্যয় করা যাবে না। ব্যয় করতে হলে প্রকল্প সংশোধন করতে হবে।চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মোট ৯১৬টি প্রকল্প রয়েছে। এর মধ্যে এই ১২৭টি প্রকল্পের মেয়াদই শেষ হয়ে গেছে। এর অনেকগুলোর মেয়াদ শেষ হয়েছে ২০০৯ সালের জুনে আর বাকিগুলোর ২০১০-এর জুনে। তার পরও অল্প অল্প বরাদ্দ দিয়ে প্রকল্পগুলোকে বাঁচিয়ে রাখা হচ্ছিল। এই প্রথমবারের মতো অর্থ ব্যয় স্থগিত রাখা হলো।সূত্র জানায়, এর মধ্যে অনেকগুলো প্রকল্প সরকার পরিবর্তনের কারণে গুরুত্ব হারিয়েছে। আবার কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প অদক্ষতাসহ নানা কারণে বাস্তবায়িত হচ্ছে না।বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) দীর্ঘদিন ধরে এডিপির প্রকল্প পরিস্থিতি নিয়ে কাজ করছে। সংস্থাটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এডিপিতে তিন ধরনের প্রকল্প দেখা যায়। যেমন—নতুন প্রকল্প, চলমান প্রকল্প ও মেয়াদ শেষ হওয়া প্রকল্প। এর মধ্যে মেয়াদ শেষ হয়ে গেলেও যেসব প্রকল্পের কাজ শেষ হয়নি, সেগুলো নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের উচিত সমীক্ষা প্রকাশ করা। কেন প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়িত হলো না, এ জন্য কে বা কারা দায়ী, কারা এসব প্রকল্পের দায়িত্বে ছিলেন, তা যদি পরিকল্পনা মন্ত্রণালয় বা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন (আইএমইডি) বিভাগ একটি প্রতিবেদন তৈরি করে, তাহলে প্রকল্প নিয়ে এসব সমস্যার অনেকটাই সমাধান হবে।পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, অর্থ ব্যয় স্থগিত হওয়া প্রকল্পগুলোর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্পও রয়েছে। যেমন—সাভারে চামড়া শিল্পনগর তৈরির প্রকল্প শুরু হয়েছিল ২০০৩ সালে। ৫৪৫ কোটি ৩৬ লাখ টাকার এই প্রকল্পে এখন পর্যন্ত ব্যয় হয়েছে ১০০ কোটি ৯১ লাখ টাকা। অথচ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে গত জুনে। সংশোধন করা না হলে এই প্রকল্পে নতুন করে অর্থ ব্যয় স্থগিত থাকবে।মংলা বন্দরকে আরও কার্যক্ষম করতে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ জন্য বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় মংলা বন্দরের জন্য দুটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এর মধ্যে কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতি সংগ্রহের প্রকল্পের কাজ শুরু হয় ২০০৭ সালে এবং ‘নেভিগেশনাল এইডস টু মংলা পোর্ট’ নামের আরেকটি প্রকল্পের কাজ শুরু হয় ২০০৮ সালে। দুটি প্রকল্পেরই মেয়াদ শেষ হয়ে গেছে গত জুনে। অথচ ৪৬ কোটি টাকার এই দুই প্রকল্পে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র তিন লাখ টাকা। অর্থ ব্যয় আটকে গেল এই দুই প্রকল্পেরও।আরেকটি আলোচিত প্রকল্প চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ। ৫৯০ কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০০৩ সালে এবং গত জুনে এর মেয়াদ শেষ হয়ে গেছে। প্রকল্পটি এখনো অননুমোদিত অবস্থায় আছে আর ব্যয় হয়েছে ৩০১ কোটি টাকা। মেয়াদ শেষ হওয়ার পরও এ প্রকল্পে ৯৯ কোটি টাকা বরাদ্দ দিলেও তা এখন স্থগিত করা হয়েছে। সময়সীমা না বাড়লে এই অর্থ আর ব্যয় করা যাবে না।বিরুলিয়া থেকে আশুলিয়া পর্যন্ত সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছিল ২০০০ সালে। প্রকল্পটি এখনো অননুমোদিত, অথচ ৩৩ কোটি ৪০ লাখ টাকা খরচ হয়ে গেছে। আর প্রকল্পের মেয়াদও শেষ হয়ে গেছে ২০০৯ সালের জুনে। তার পরও চলতি ২০১০-১১ অর্থবছরের জন্য এক লাখ টাকা বরাদ্দ রাখা হলেও এখন তা স্থগিত করা হয়েছে।খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক পুনর্বাসন প্রকল্পেরও কাজ শুরু হয় ২০০০ সালে। অনুমোদন ছাড়াই নয় বছর ধরে এই প্রকল্পে ব্যয় করা হয়েছে ৩১ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে ২০০৯ সালের জুনে। তার পরও চলতি অর্থবছরে আবার বরাদ্দ দেওয়া হয় ১০ কোটি টাকা। এখন এই প্রকল্পও স্থগিত থাকবে।শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সংযোগ সড়কেরও একই হাল। ২০০৪ সালে প্রকল্পটি শুরু হওয়ার পর এর মেয়াদ শেষ হয়েছে ২০০৯ সালের জুনে। এখন পর্যন্ত এটি অননুমোদিত, অথচ ১৩ কোটি টাকার মধ্যে ব্যয় হয়ে গেছে সোয়া তিন কোটি টাকা। আবার চাটমোহর-হান্ডিয়াল-হামকুড়িয়া সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয় ২০০৬ সালে এবং এর মেয়াদ শেষ হয়ে গেছে জুনে। অথচ ৩৪ কোটি টাকার এই অননুমোদিত প্রকল্পে ব্যয় হয়েছে মাত্র ১১ কোটি টাকা।ত্রিশাল-নান্দাইল-তাড়াইল সড়কের ১৩তম কিলোমিটারে ব্রহ্মপুত্র নদের ওপর বালিপাড়া সেতু নির্মাণের কাজটি ২০০৭ সালে শুরু হয়ে গত জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত একটি টাকাও খরচ করা যায়নি। স্থগিত করা হয়েছে এই প্রকল্পটিও।পরিবহন খাতের আরেকটি প্রকল্প হচ্ছে লালমাই-লাকসাম-মাইজদী সড়ক। এর উন্নয়নের কাজ শুরু হয়েছিল ২০০৭ সালে। গত জুনে এর মেয়াদ শেষ হলেও এখনো এটি সম্পূর্ণ অনুমোদন পায়নি, অথচ ৮৭ কোটি টাকার মধ্যে প্রায় ২৯ কোটি টাকা খরচ হয়ে গেছে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও নতুন অর্থবছরে আরও ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এখন পরিকল্পনা মন্ত্রণালয় বলছে, নতুন করে সময়সীমা না বাড়ানো হলে এই প্রকল্পে আর অর্থ ব্যয় করা যাবে না।খুলনার জন্য একটি বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়নের কাজ শুরু হয়েছিল ২০০৮ সালে এবং গত জুনে শেষ হয়ে গেছে এর মেয়াদ। অথচ এই প্রকল্পে এখন পর্যন্ত মাত্র এক লাখ টাকা ব্যয় হয়েছে। একইভাবে ২৪ কোটি টাকার খুলনা-যশোর সড়ক ও সিটি বাইপাস রোডের মধ্যে দুটি সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে জুনে। কিন্তু এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র ৫৩ লাখ টাকা।ময়মনসিংহে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরির কাজ শুরু হয়েছিল ২০০৫ সালে, জুনে এর মেয়াদ শেষ হয়ে গেছে। সাড়ে ৫৮ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে খরচ হয়েছে সাড়ে ৩১ কোটি টাকা। এই প্রকল্পটিরও অর্থ ব্যয় স্থগিত রাখা হয়েছে।ব্যয় স্থগিত ১২৭টি প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি পরিবহন খাতের, ২৭টি। এ ছাড়া ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ খাতের রয়েছে ১৬টি প্রকল্প, বিদ্যুৎ খাতের ১২টি, কৃষি খাতের নয়টি, পানিসম্পদের ছয়টি, শিক্ষা ও ধর্ম খাতের চারটি, পল্লি উন্নয়ন ও পল্লি প্রতিষ্ঠান, শিল্প, ক্রীড়া ও সংস্কৃতি এবং গণসংযোগ খাতের রয়েছে তিনটি করে প্রকল্প। এ ছাড়া স্বাস্থ্য ও সমাজকল্যাণ, মহিলাবিষয়ক ও যুব উন্নয়ন খাতের আছে দুটি করে প্রকল্প। স্থগিত থাকা প্রকল্পের মধ্যে তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ এবং শ্রম ও কর্মসংস্থান খাতের প্রকল্প একটি করে। এ ছাড়া অর্থ ব্যয় স্থগিত রাখা হয়েছে ২৬টি কারিগরি প্রকল্প এবং জাপানি ঋণ মওকুফ তহবিলের আওতাধীন নয়টি প্রকল্প।