১৩ আইনজীবী ক্ষমা চাইবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজলাসকক্ষে বিশৃঙ্খলার দুটি মামলায় গ্রেপ্তার না হওয়া ১৩ আসামি আগামী রোববার নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন। এরপর তাঁরা হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করবেন। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের আলোচনায় এমন সিদ্ধান্ত হয়েছে। আলোচনা শেষে দুই পক্ষ আলাদাভাবে সাংবাদিকদের এ কথা বলে। আইনজীবীরা বলেছেন, এর মধ্য দিয়ে নয় দিনের অস্বাভাবিক পরিস্থিতির একটা সুরাহা হতে যাচ্ছে। এদিকে ১৩ আইনজীবীকে পেশা থেকে বিরত থাকতে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে করা আবেদন ১৪ আগস্ট পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। গতকাল ওই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা ছিল। এ জন্য সকালে আপিল বিভাগে উপস্থিত হন উভয় পক্ষের আইনজীবীরা। সোয়া ১০টার দিকে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বলেন, ‘আপনারা জ্যেষ্ঠ আইনজীবীরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন। তাঁরা (আবেদনকারী আইনজীবীরা) হাইকোর্টে ক্ষমা চাইতে পারেন। যাঁরা কারাগারে আছেন, তাঁদের হাজির করার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল পদক্ষেপ নিতে পারেন।’ এরপর উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে আলোচনা হয়। বেলা ১১টার দিকে বিচারপতিরা এজলাসকক্ষ ত্যাগ করার পর প্রধান বিচারপতির এজলাসকক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, খন্দকার মাহবুব হোসেন ও মওদুদ আহমদকে আলোচনা করতে দেখা যায়। পরে সমিতি ভবনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সভাপতি ও সম্পাদকের কথা হয়। দুপুর ১২টার দিকে বিরতি শেষে বিচারপতিরা এজলাসে আসেন। এ সময় রফিক-উল হক ও খন্দকার মাহবুব জানান, আলোচনা চলছে। এ অবস্থায় আবেদনটি মুলতবি রাখা হোক। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ১৪ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত আইনজীবীদের করা আবেদন মুলতবি রাখেন।দুই পক্ষের বক্তব্য: খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘অ্যাটর্নি জেনারেলকে অনেক নমনীয় মনে হয়েছে। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। গ্রেপ্তার না হওয়া আইনজীবীরা রোববার ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করবেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আশ্বস্ত হয়েছি, আত্মসমর্পণের পর তাঁদের রিমান্ড আবেদন বা নির্যাতন করা হবে না। আইনজীবীদের নতুন কোনো মামলায়ও জড়ানো হবে না। ওই দিনই আইনজীবীরা হাইকোর্টে এসে আবেদন দেবেন। আশা করি, তাঁরা জামিনেও মুক্তি পাবেন।’পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আমার সঙ্গে সমিতির সভাপতির কথা হয়েছে। গ্রেপ্তার না হওয়া আইনজীবীরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন। পরে তাঁরা সেখান থেকে এসে হাইকোর্টের ওই বেঞ্চে ক্ষমা প্রার্থনা করবেন। যদি তাঁরা জামিন পান, তাহলে নিজেরাই হাইকোর্টে আসতে পারেন। যদি জামিন না পান, তাহলে আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী তাঁদের হাইকোর্টে হাজির করার ব্যাপারে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলব।’ মাহবুবে আলম বলেন, ‘তাঁরা আমার কাছ থেকে আশ্বস্ত হতে চেয়েছেন, যেন আইনজীবীদের রিমান্ডে নেওয়া না হয়, নির্যাতন করা না হয়। রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি চাইব না, কোনো আইনজীবীকে নির্যাতন করা হোক।’ঘটনাপ্রবাহ: ২ আগস্ট হাইকোর্টে সরকার ও বিরোধী দল-সমর্থক আইনজীবীদের মধ্যে বিশৃঙ্খলা ও হট্টগোলের ঘটনা ঘটে। মুফতি ফজলুল হক আমিনীর মামলায় আদালতের অভিমতে বিরোধীদলীয় নেতার প্রসঙ্গ আসায় হাইকোর্টের একটি বেঞ্চে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতেই শাহবাগ থানায় বিএনপি-সমর্থক ১৪ আইনজীবীর বিরুদ্ধে পুলিশ মামলা করে। পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগে ৪ আগস্ট রাতে আরেকটি মামলা হয়। এ মামলায় আসামি করা হয় নয় আইনজীবীকে। উভয় মামলায় ১৬ আসামির নাম উল্লেখ করা হয়। তিনজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন।