১৩ আইনজীবীকে পেশা থেকে বিরত থাকার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজলাসকক্ষে হইচই ও বিশৃঙ্খলার ঘটনায় ১৩ জন আইনজীবীকে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন।গত মঙ্গলবার এজলাসকক্ষের ওই ঘটনায় ওই দিনই শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে ১৪ জন আইনজীবীসহ অজ্ঞতানামা ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করে। এর মধ্যে ১৩ জন আইনজীবী গতকাল হাইকোর্টে জামিনের আবেদন জানান। ওই মামলার প্রতিবাদে সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন বিএনপি-সমর্থক আইনজীবীরা। আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়।সংবিধান নিয়ে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী কটাক্ষপূর্ণ বক্তব্য দিয়েছেন, এমন অভিযোগে করা রিট আবেদনের ওপর ওই আদালতে মঙ্গলবার শুনানি হয়। শুনানি শেষে আদালতের অভিমতে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার প্রসঙ্গ আসায় এজলাসকক্ষে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও বিশৃঙ্খলা হয়।হাইকোর্টের রুল: মঙ্গলবারের ঘটনা নিয়ে গতকাল আদালত ১৩ আইনজীবীর আইন পেশা পরিচালনায় বিধিনিষেধ আরোপসহ স্বতঃপ্রণোদিত রুল জারি করেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আইনজীবীদের আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া নিজেদের বিরুদ্ধে মামলা ছাড়া দেশের কোনো আদালতে তাঁদের প্রবেশ না করতেও বলা হয়।রুলে ওই ঘটনায় অমর্যাদাকর আচরণের অভিযোগে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা সনদ বাতিলের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ১৪ আগস্টের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিল ও বিবাদী আইনজীবীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। তিনি পরে প্রথম আলোকে বলেন, ওই ১৩ আইনজীবীর বিরুদ্ধে কোনো মামলা থাকলে কেবল সেই মামলার জন্য তাঁরা আদালতে যেতে পারবেন। এ ছাড়া তাঁদের দেশের কোনো আদালতে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। আদালতের এই নির্দেশনার অনুলিপি দেশের সব আইনজীবী সমিতি ও আদালতে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।যে ১৩ জন আইনজীবীর প্রতি এই রুল জারি হয়েছে, তাঁরা হলেন: সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, কামরুল ইসলাম সজল, সহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, শরীফ উদ্দীন আহম্মেদ, আবদুল্লা আল মাহমুদ, এনামুল হোসেন গাফফার, এম ইউ আহম্মেদ, মোহাম্মদ আলী, মো. আশরাফুজ্জামান খান, তৌহিদুল ইসলাম, গোলাম নবী ও রেজোয়ান আহম্মেদ।১৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা: মঙ্গলবার শাহবাগ থানায় পুলিশের করা মামলায় যে ১৪ জন আইনজীবীকে আসামি করা হয়েছে, তাঁরা হলেন: সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, কামরুল ইসলাম সজল, সহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, শরীফ উদ্দীন আহম্মেদ, মাহমুদুল আরেফিন স্বপন, আবদুল্লা আল মাহমুদ, এনামুল হোসেন গাফফার, এম ইউ আহম্মেদ, মোহাম্মদ আলী, মো. আশরাফুজ্জামান খান, তৌহিদুল ইসলাম, খৃ-স্টান নবী ও রেজোয়ান আহম্মেদ।মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোলাইমান হোসেন দণ্ডবিধির ১৪৩, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৫০৬ ও ৩৪ ধারায় মামলাটি করেন। এজাহারে বলা হয়, আদালতে শুনানি চলাকালে দুই দল আইনজীবীর মধ্যে হাতাহাতি হয়। এ সময় আসামিরা আদালতের আসবাবপত্র ভাঙচুর শুরু করলে পুলিশ আদালতের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষায় আসামিদের শান্ত করার চেষ্টা করে। এ সময় তাঁরা দলবদ্ধ হয়ে পুলিশকে কিল-ঘুষি মারেন ও জখম করেন। আসামিরা ভয়ভীতিও দেখান।১৩ আইনজীবীর জামিনের আবেদন: পুলিশের করা এই মামলায় গতকাল হাইকোর্টে রেজোয়ান আহম্মেদ ছাড়া অপর ১৩ জন আইনজীবী আগাম জামিনের আবেদন করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে আজ বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা।জামিনের আবেদন তুলে ধরে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানিতে বলেন, দুঃখজনক এক পরিস্থিতিতে আমরা আপনার আদালতে এসেছি। পুলিশ আদালতকক্ষে পুলিশি কাজে বাধা, হামলা, ভাঙচুরের অভিযোগে মামলা করেছে। এজাহারে ঘটনার সময় উল্লেখ করা হয়েছে চারটা পাঁচ মিনিট। অথচ তিনটায় আদালতের নির্ধারিত সময় শেষ হয়। তিনি বলেন, আদালতকক্ষে পুলিশের কোনো সদস্যের থাকার সুযোগ নেই। অথচ মামলার এজাহারে বলা হয়েছে, আদালতকক্ষেই পুলিশের ওপর হামলা হয়েছে।আদালত বলেন, হু উইল প্রটেক্ট দ্য প্রটেক্টরস। অতীতে প্রধান বিচারপতির এজলাস ভাঙচুর হয়েছিল। একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হাজারটা অন্যায় সৃষ্টি করে। একপর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ কিসলু বলেন, সবেমাত্র জামিনের আবেদনপত্র হাতে পেয়েছি। আগামীকাল (বৃহস্পতিবার) শুনানির জন্য কার্যতালিকায় রাখা যেতে পারে। পরে আদালত আজ শুনানির দিন ধার্য করেন।মোহাম্মদ উল্লাহ কিসলু পরে প্রথম আলোকে বলেন, জামিন আবেদনের শুনানির আগ পর্যন্ত আবেদনকারী আইনজীবীদের কোনো ধরনের গ্রেপ্তার বা হয়রানি না করতে বলা হয়েছে। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে অবহিত করতে বলেছেন আদালত।জামিন আবেদনকারীদের পক্ষে মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, রুহুল কুদ্দুস কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র জানায়, বিএনপি-সমর্থক ও আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা গতকাল দুপুরে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন। প্রধান বিচারপতি জ্যেষ্ঠ আইনজীবীদের মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শ দেন।