এজলাস কক্ষে হইচই ও বিশৃঙ্খলার ঘটনায় ১৩ আইনজীবীর আইন পেশা পরিচালনায় বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।সংবিধান নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর কটাক্ষপূর্ণ বক্তব্যের অভিযোগে করা রিট আবেদনের ওপর আদালতে গতকাল মঙ্গলবার শুনানি হয়। শুনানির সময় আদালতের অভিমতে বিরোধীদলীয় নেতার প্রসঙ্গ আসায় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।আইনজীবীদের বিরুদ্ধে মামলা: এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে ১৪ আইনজীবীসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা করে। ১৪ আইনজীবী হলেন সাংসদ সৈয়দা আফিফা আশরাফী, কামরুল ইসলাম, সহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, শরীফ উদ্দীন আহম্মেদ, মাহমুদ আরেফিন, আবদুল্লাহ আল মাহমুদ, এনামুল হোসেন গাফফার, এম ইউ আহম্মেদ, মোহাম্মদ আলী, মো. আশরাফুজ্জামান খান, তৌহিদুল ইসলাম, গোলাম নবী ও রেজোয়ান আহম্মেদ।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোলাইমান হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয়, ‘আদালতে শুনানি চলাকালে দুই দল আইনজীবীর মধ্যে হাতাহাতি হয়। এ সময় আসামিরা আদালতে আসবাবপত্র ভাঙচুর শুরু করলে আমরা আদালতের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষার জন্য আসামিদের শান্ত করার চেষ্টা করি। এ সময় তাঁরা দলবদ্ধ হয়ে আমাদের ইচ্ছাকৃতভাবে কিল-ঘুষি মেরে আঘাত শুরু করে। এতে আমরা গুরুতর জখম হই। আসামিরা আমাদের ভয়-ভীতি প্রদর্শন করেন।হাইকোর্টের রুল: ওই ঘটনা নিয়ে প্রকাশিত পত্রিকার প্রতিবেদন পর্যালোচনা করে আজ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিজেদের ব্যক্তিগত মামলা ছাড়া দেশের যেকোনো আদালতে তাঁদের প্রবেশ না করতেও বলা হয়।এ ছাড়া ওই ঘটনায় অমর্যাদাকর আচরণের অভিযোগে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা সনদ বাতিলের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। ১৪ আগস্টের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিল ও সংশ্লিষ্ট আইনজীবীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ১৩ আইনজীবীর বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেই মামলা ছাড়া তাদের দেশের যেকোনো আদালতে প্রবেশ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশনার অনুলিপি দেশের সব আইনজীবী সমিতি ও আদালতে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীদের জামিন আবেদন: পুলিশের করা ওই মামলায় আজ হাইকোর্টে ১৩ আইনজীবী আগাম জামিনের আবেদন করেছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে কাল বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা। ১৪ আইনজীবী মধ্যে রেজোয়ান আহম্মেদ ছাড়া অন্য ১৩ জন হাইকোর্টে জামিনের আবেদন করেন। আজ সংক্ষিপ্ত শুনানি পর আদালত কাল শুনানির দিন ধার্য করেন।জামিনের আবেদন তুলে ধরে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, পুলিশ আদালত কক্ষে পুলিশি কাজে বাধা, হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা করেছে। এজাহারে ঘটনার সময় উল্লেখ করা হয়েছে চারটা পাঁচ মিনিট। অথচ তিনটায় আদালতের নির্ধারিত সময় শেষ হয়। তিনি আরও বলেন, আদালত কক্ষে পুলিশের কোনো সদস্যের থাকার সুযোগ নেই। অথচ মামলার এজাহারে বলা হয়েছে, আদালত কক্ষেই পুলিশের ওপর হামলা করা হয়েছে।মাহবুব হোসেন আরও বলেন, ‘আমরা আদালতে এসেছি কোর্ট অফিসারদের (আইনজীবীদের) রক্ষার জন্য, যেন তাঁদের কোনো ধরনের অপ্রয়োজনীয় হয়রানির মুখে পড়তে না হয়।’ আদালত বলেন, ‘হু উইল প্রোটেক্ট দ্য প্রটেকটরস (রক্ষাকারীদের কে রক্ষা করবে)। অতীতে প্রধান বিচারপতির এজলাস ভাঙচুর করা হয়েছিল। একটা অন্যায়কে প্রশ্রয় দিলে হাজারটা অন্যায় সৃষ্টি করে।’ একপর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ বলেন, ‘সবেমাত্র জামিনের আবেদনপত্র হাতে পেয়েছি। কাল বৃহস্পতিবার শুনানি জন্য কার্যতালিকায় রাখা যেতে পারে। পরে আদালত কাল শুনানির দিন ধার্য করেন।’মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, এই সময় পর্যন্ত জামিনের আবেদনকারী আইনজীবীদের কোনো ধরনের গ্রেপ্তার বা হয়রানি না করতেও বলা হয়েছে। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) অবহিত করতে বলেছেন আদালত।আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে মওদুদ আহমদ, আবদুর রাজ্জাক, রফিকুল ইসলাম মিয়া, রুহুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।