১৩ আইনজীবীর আপিলের শুনানি কাল
এজলাস কক্ষে হইচই ও বিশৃঙ্খলার ঘটনায় ১৩ আইনজীবীর পেশা পরিচালনায় বিধিনিষেধ-সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। কাল বৃহস্পতিবার এর ওপর শুনানি হওয়ার কথা। আজ বুধবার দুপুরে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন। সংবিধান নিয়ে ফজলুল হক আমিনীর কটাক্ষপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে করা এক রিট আবেদনের ওপর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ২ আগস্ট শুনানি হয়। আদালতের অভিমতে বিরোধীদলীয় নেত্রীর প্রসঙ্গ আসায় দুই পক্ষের আইনজীবীর মধ্যে হাতাহাতি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।আইনজীবীদের ওই বিশৃঙ্খলার ঘটনায় গত ৩ আগস্ট হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একইসঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিজেদের ব্যক্তিগত মামলা ছাড়া দেশের যেকোনো আদালতে তাঁদের প্রবেশ না করতেও বলা হয়। এ ছাড়া ওই ঘটনায় অমর্যাদাকর আচরণের অভিযোগে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা সনদ বাতিলের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। ১৪ আগস্টের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিল ও সংশ্লিষ্ট আইনজীবীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ১৩ আইনজীবীর বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেই মামলা ছাড়া তাঁদের দেশের যেকোনো আদালতে প্রবেশ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশনার অনুলিপি দেশের সব আইনজীবী সমিতি ও আদালতে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।