১৩ আইনজীবীর পেশায় থাকার প্রশ্নে শুনানি মুলতবি
বিএনপিপন্থী ১৩ আইনজীবীর পেশা থেকে বিরত থাকতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের জন্য করা আবেদনের শুনানি ১৪ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই সময় পর্যন্ত শুনানি মুলতবি (স্ট্যান্ডওভার) করেন।আদালত থেকে বেরিয়ে আবেদনকারীদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘আইনজীবীদের সনদ বাতিলসংক্রান্ত আদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে গিয়েছিলাম। প্রধান বিচারপতি বললেন আপনারা নিজেরাই সমাধান করতে পারেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করেছি। তিনি আইনজীবীদের আত্মসমর্পণ করতে বলেছেন।’ খন্দকার মাহবুব আরও বলেন, ‘ওই ঘটনায় করা মামলায় অপর আসামি যারা বাইরে রয়েছেন, তারা ১৪ তারিখ বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন। এরপর তাদের রিমান্ডে দেওয়া হবে না, এমনকি অন্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে না বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে।’সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা বলেন, ১৪ তারিখ আইনজীবীরা আত্মসমর্পণ করবেন। ওই দিন জামিনের আবেদন করা হবে। এ ঘটনায় কারাগারে যাঁরা আটক রয়েছেন, তাঁরাসহ সব আইনজীবী জামিন পেলে ওই দিন হাইকোর্টে হাজির হতে পারেন বলে তিনি জানান। ২ আগস্ট এজলাসকক্ষে বিশৃঙ্খলা-হইচইয়ের ঘটনার পরের দিন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই ১৩ আইনজীবীকে তাঁদের আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকতে নির্দেশ দেন। পাশাপাশি নিজেদের ব্যক্তিগত মামলা ছাড়া দেশের যেকোনো আদালতে তাঁদের প্রবেশ না করতেও বলা হয়। সূত্র জানায়, হাইকোর্টের ওই আদেশে স্থগিতাদেশ চেয়ে ৩ আগস্ট হলফনামার অনুমতি প্রার্থনা করে আপিল বিভাগে আবেদন জানান। আদালত রোববার সিদ্ধান্ত দেওয়ার কথা জানান। পরে আবেদনটি দায়ের করে গতকাল বুধবার দুপুরে চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হয়। আদালত বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠালে আজ প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ তা মুলতবি করেন।