১৩ আসামি এখনো পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাসকে হত্যার প্রায় ছয় মাস পর গতকাল রোববার রাতে আরও এক আসামি গ্রেপ্তার হয়েছে। কিন্তু মামলার ১৩ আসামি এখনো পলাতক। অভিযোগ রয়েছে, এসব পলাতক আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ কোনো উদ্যোগ নেই।নৃশংস এই হত্যার ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২১ জন নেতা-কর্মীকে আসামি করে গত ৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর আড়াই মাস পার হয়েছে, কিন্তু অভিযোগ গঠন হয়নি।গতকাল এই মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু কারাবন্দী সাত আসামিকে আদালতে হাজির না করায় শুনানি পিছিয়েছে। ২ জুন শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন মহানগর দায়রা জজ জহুরুল হক।মহানগর দায়রা জজ আদালতে অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম তালুদকার প্রথম আলোকে বলেন, মামলাটি বিচারের জন্য আদালতে আসার পর ৫ মে অভিযোগপত্র আমলে নেওয়ার দিন ধার্য ছিল। ওই দিন শুনানি হয়নি। ১৯ মে আদালত অভিযোগপত্র আমলে নেন। গতকাল অভিযোগ গঠনের ধার্য দিনে হরতালের কারণে আসামিদের আদালতে হাজির করা যায়নি।মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাজৈরের গ্রামের বাড়ি থেকে গতকাল রাত সাড়ে নয়টার দিকে বিশ্বজিৎ হত্যা মামলার পলাতক আসামি গোলাম মোস্তফাকে (২৪) গ্রেপ্তার করা হয়। সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেন।এত দিন পরও হত্যাকারীদের সবাইকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ ও হাতাশা ব্যক্ত করেছেন বিশ্বজিতের বৃদ্ধ বাবা অনন্ত দাস। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মশুড়ার গ্রামের বাসিন্দা অনন্ত দাস গতকাল প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধিকে বলেন, মামলার অগ্রগতি কী হয়েছে, এ ব্যাপারে তাঁকে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কেউ কিছু জানায়নি।গত বছরের ৯ ডিসেম্বর সকালে পুরান ঢাকার দরজি দোকানি বিশ্বজিৎকে (২৪) প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ওই দিন বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটে। তখন অবরোধ প্রতিরোধে নামা ছাত্রলীগের নেতা-কর্মীরা বিরোধীদলীয় কর্মীদের ধাওয়া দেন। তাতে আতঙ্কিত হয়ে পথচারী বিশ্বজিৎ দৌড়ে পার্কের পাশের একটি ডেন্টাল ক্লিনিকে (দোতলায়) আশ্রয় নেন। ধাওয়া করে ছাত্রলীগের কর্মীরা সেখানে গিয়ে বিশ্বজিৎকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপান এবং রড ও লাঠি দিয়ে পেটান। সেখান থেকে মারতে মারতে নিচে নামিয়ে আবার তাঁকে চারদিক ঘিরে বর্বর নির্যাতন চালানো হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের কর্মীরা হামলার এই দৃশ্য ক্যামেরায় ধারণ করেন, যা পরে প্রচার করা হয়।শুরুতে বিশ্বজিৎ হত্যার আসামিদের গ্রেপ্তারে শৈথিল্য দেখায় পুলিশ। পরে হাইকোর্টের নির্দেশে গণমাধ্যমে প্রচারিত ছবি দেখে শনাক্ত করে সাতজনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এবং ভিডিওচিত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশ্বজিতের ওপর হামলায় জড়িত হিসেবে ২১ জনকে চিহ্নিত করা হয়। তাঁরা সবাই ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মী। তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।গ্রেপ্তার থাকা সাত আসামি: আসামিদের মধ্যে রফিকুল ইসলাম ওরফে শাকিল, মাহফুজুর রহমান ওরফে নাহিদ, রাশেদুজ্জামান ওরফে শাওন, এমাদদুল হক, কাইয়ুম মিঞা, এইচ এম কিবরিয়া ও সাইফুল ইসলামকে গত ডিসেম্বরে গ্রেপ্তার করে ডিবি। এঁদের মধ্যে প্রথম চারজন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থিতিতে তাঁরা বিশ্বজিতের ওপর হামলা করেন। তাঁদের দাবি, রাজন তালুকদার প্রথমে বিশ্বজিৎকে কোপানো শুরু করেন। তা দেখে বাকিরা মারতে শুরু করেন।পলাতক ১৪ জন: পলাতক ১৪ আসামি রাজন তালুকদার, ইউনুস আলী, কাইয়ুম ওরফে টিপু, মোস্তফা, পাভেল, তমাল, আলাউদ্দিন, ইমরান হোসেন, তাহসিন, আলাউদ্দিন, লিমন, আল আমিন, ওবায়দুল কাদের ও আজিজের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারি করেছেন আদালত। কিন্তু পুলিশ পরোয়ানা তামিল করতে ব্যর্থ হয়েছে। ‘আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি’ বলে আদালতে প্রতিবেদন দিয়ে দায় সেরেছে পুলিশ।জানতে চাইলে মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা আসামিদের স্থায়ী ঠিকানায় যায়। সংশ্লিষ্ট থানার পুলিশ সে অনুযায়ী ব্যবস্থা নেয়। তার পরও ডিবি এসব আসামিকে গ্রেপ্তারের ব্যাপারে লেগে আছে বলে তিনি দাবি করেন।অবশ্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু বলেছেন, পলাতক আসামিরা আত্মসমর্পণ না করলে কিংবা পুলিশ গ্রেপ্তার করতে না পারলে তাঁদের অনুপস্থিতিতেই বিচারের কাজ শুরু হবে।