পুলিশের যে ২৪ জন কর্মকর্তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে ১৩ জনকে আগের অবস্থানে বহাল রাখার সুপারিশ করেছে পুলিশ সদর দপ্তর। অন্য ১১ জনের মধ্যে ১০ জনকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। আর একজনের নাম ভুলবশত তালিকায় এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির জবাবে পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যায় এসব কথা বলা হয়।চিঠির ব্যাপারে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘এ-সংক্রান্ত সরকারি আদেশ পালন করা হচ্ছে।’মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুটি চিঠি দিয়ে ২৪ কর্মকর্তাকে প্রত্যাহার করার আদেশ দেওয়া হয়। তাঁদের মধ্যে ১৮ কর্মকর্তাকে নজরদারিতে রাখতে বলা হয়। এই কর্মকর্তারা ‘সরকারের আদর্শের পরিপন্থী’ বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে উল্লেখ করা হয়। ২৪ কর্মকর্তার মধ্যে একজন ডিআইজি, চারজন পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপার, ১৭ জন পরিদর্শক ও একজন উপপরিদর্শক। তবে ১১ দিনেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ আদেশ পুরোপুরি কার্যকর করেনি পুলিশ সদর দপ্তর।মন্ত্রণালয়ের এ চিঠি নিয়ে পুলিশ কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ কারণে পুলিশ সদর দপ্তর ওই কর্মকর্তাদের আগের অবস্থানে বহাল রাখার সুপারিশ করে। প্রত্যাহারের আদেশ দেওয়ার আট দিন পর ২ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে ব্যাখ্যাসংবলিত চিঠি যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এ ব্যাপারে স্বরাষ্ট্রসচিব ও আইজিপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা চিঠিতে বলা হয়। পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যায় বলা হয়, ২৪ পুলিশ কর্মকর্তার মধ্যে চট্টগ্রামের সাতকানিয়ার সহকারী পুলিশ সুপার রুহুল আমিনকে প্রত্যাহার করে চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তিনি গত ২৭ মার্চ নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে তাঁকে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করার কথা বলা হয়েছিল। এ ছাড়া খুলনা অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) মেজবাহউদ্দিনকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে । সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দিনাজপুরের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্যকে রংপুর রেঞ্জে, খুলনা মহানগর পুলিশের উপকমিশনার শওকত হোসেনকে ঢাকা রেঞ্জে, গাইবান্ধার পুলিশ সুপার নাহিদুল ইসলামকে রাজশাহী রেঞ্জে এবং সাতক্ষীরার পুলিশ সুপার আসাদুজ্জামানকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল।পুলিশ সদর দপ্তরের চিঠিতে এই চার কর্মকর্তাকে আগের অবস্থানে বহাল রাখার সুপারিশ করে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এসব কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থলে নিয়োজিত রাখার প্রয়োজন রয়েছে। অন্য একটি চিঠিতে ১৭ পুলিশ পরিদর্শক ও একজন উপপরিদর্শককে প্রত্যাহারের ব্যাপারে বলা হয়, গাইবান্ধার পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার, সুন্দরগঞ্জ থানার ওসি মঞ্জুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা, নোয়াখালীর বেগমগঞ্জ থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম, চট্টগ্রামের বাঁশখালী খানার ওসি আবদুস সবুর, ওই থানার এসআই কামাল হোসেন, সাতক্ষীরা সদরের ওসি গাজী ইব্রাহিম এবং বটিয়াঘাটা থানার ওসি ফজলুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।কক্সবাজারের কুতুবদিয়া থানার ওসি শাহজাহানের নাম সম্পর্কে বলা হয়, কুতুবদিয়া থানায় এ নামে কোনো ওসি নেই।বাকি নয় ওসির মধ্যে টেকনাফ থানার মো. ফরহাদ, কক্সবাজারের রামু থানার গাজী সাখাওয়াত হোসেন, সাতকানিয়ার ইসমাইল, কলারোয়ার ওসি সিকদার আক্কাস আলী, দিনাজপুরের চিরিরবন্দরের তরিকুল ইসলাম, নওগাঁর মহাদেবপুরের আবদুর রশিদ, বাগেরহাট সদর থানার মিজানুর রহমান, খুলনা সদর থানার শাহাবুদ্দিন ও দাকোপ থানার ওসি আহম্মেদ কবিরের কার্যক্রম পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।সাম্প্রতিক সহিংস ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কর্মকর্তাদের প্রত্যাহারের আদেশ দেয়। তবে আদেশ দেওয়ার আগে পুলিশ সদর দপ্তরের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি।