১৩ জানুয়ারি বসছে চলচ্চিত্র মেলার চতুর্থ আসর
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘চলচ্চিত্র মেলা ১২’। চলচ্চিত্র মেলার এটি চতুর্থ আসর। চলচ্চিত্র মেলা থেকে এবার আজীবন সম্মাননা ও পরিবারভিত্তিক সম্মাননার পাশাপাশি ১০ জন শিল্পীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। তাঁদের মধ্যে সংগীতে আছেন আবদুল জব্বার, বশীর আহমেদ ও খুরশীদ আলম। সোনালী যুগের চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হবে রোজিনা, নূতন, অঞ্জনা ও সুচরিতাকে।চলচ্চিত্রের এ প্রজন্মের শিল্পীদের মধ্যে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে শাকিব খান, মিশা সওদাগর ও মৌসুমীকে। আজ বুধবার এফডিসিতে চলচ্চিত্র মেলা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ১৩ জানুয়ারি দিনব্যাপী এই মেলা উদ্বোধন করা হবে বেলা ১১টায়।এবার মেলায় ৪০টি স্টল থাকবে। সেখানে চলচ্চিত্র নির্মাণ থেকে শুরু করে সংশ্লিষ্ট নানা কিছু তুলে ধরা হবে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ম হামিদ, কিউটের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ, চলচ্চিত্র-পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হান্নান, প্রযোজক ও পরিবেশক খসরু, চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আব্দুল লতিফ বাচ্চু, এডিটর গিল্ডসের সভাপতি আবু মুসা দেবু ও চলচ্চিত্র মেলা কমিটির প্রকল্প পরিচালক আব্দুর রহমান।চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে ম হামিদ বলেন, ‘চলচ্চিত্রশিল্পের উন্নয়নের বিকাশ সাধনের এ ধরনের একটি অনুষ্ঠান দরকার ছিল। মেলার মাধ্যমে দর্শকদের কাছে এফডিসির আদি ইতিহাস তুলে ধরার চেষ্টা করব।’ম হামিদ বলেন, চলচ্চিত্রশিল্প বর্তমানে সংকটের মুখে। কারণ বাংলাদেশের প্রেক্ষাগৃহের অবস্থা অত্যন্ত নাজুক। আর সবাই দর্শকদের আবার প্রেক্ষাগৃহমুখী করার চেষ্টা করব।’ফরিদুর রেজা সাগর মেলা সম্পর্কে চ্যানেল আইয়ের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘চ্যানেল আইয়ের মাধ্যমে বিশ্বের দুই কোটি মানুষ উপভোগ করবে। জানতে পারবে আমাদের দেশীয় সংস্কৃতিকে, চলচ্চিত্রশিল্পের আদি ও বর্তমান অবস্থান সম্পর্কে। তবে এবারের আয়োজনটি ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।’কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘এমন একটি মহত্ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমাদের প্রতিষ্ঠান গর্বিত বোধ করছেন। এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’আমন্ত্রিতদের জন্য আয়োজিত এই চলচ্চিত্র মেলা এফডিসি থেকে সরাসরি চ্যানেল আইয়ে সম্প্রচার করা হবে।