১৩ জুন ছাত্রীদের উত্ত্যক্তকরণ প্রতিরোধ দিবস
শিক্ষা মন্ত্রণালয় ১৩ জুন প্রথমবারের মতো দেশের সব জেলা-উপজেলায় বখাটে-সন্ত্রাসী কর্তৃক ছাত্রীদের উত্ত্যক্তকরণ প্রতিরোধ কর্মসূচি পালন করবে।এ উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক-অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট ব্যক্তি, নারীনেত্রী ও মানবাধিকার কর্মীদের সমাবেশ আয়োজন করা হবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ছাত্রীদের উত্ত্যক্তকরণ প্রতিরোধ কর্মসূচি পালনের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।১৩ জুন সকাল আটটায় ঢাকার মুক্তাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হবে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বখাটে-সন্ত্রাসীদের প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে শপথ পাঠ করাবেন শিক্ষামন্ত্রী।দিবসটি পালনের লক্ষ্যে এরই মধ্যে সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির মতো দেশের সব জেলা-উপজেলাতেও শোভাযাত্রা, সমাবেশ, শপথগ্রহণ কর্মসূচি পালন করা হবে।আজকের প্রস্তুতি সভায় শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, দুই অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, এস এম গোলাম ফারুকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।