লক্ষ্মীপুরে প্রথম আলোর চার হাজার কপিতে আগুন
১৩ জেলায় জাতীয় পত্রিকা যেতে দেয়নি জামায়াত-শিবির
জামায়াত-শিবিরের কর্মীদের গাছ ফেলে মহাসড়ক অবরোধের কারণে গতকাল মঙ্গলবারও উত্তরাঞ্চলের ১২টি জেলায় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকাগুলো যেতে পারেনি। একই কারণে বান্দরবানেও জাতীয় পত্রিকা যেতে পারেনি।লক্ষ্মীপুরে প্রথম আলোর প্রায় চার হাজার কপি পুড়িয়ে দেওয়ায় পাঠকেরা বঞ্চিত হয়েছেন। শিবির ও বিএনপির নেতা-কর্মীরা পত্রিকাগুলো পুড়িয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে দুই দিন পর গতকাল কক্সবাজার, টেকনাফ ও চকরিয়ায় প্রথম আলোসহ জাতীয় পত্রিকা পৌঁছেছে।জাতীয় পত্রিকা না পৌঁছানো উত্তরাঞ্চলের জেলাগুলো হলো: বগুড়া, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ। এতে এসব জেলার পত্রিকার পাঠক, হকার, এজেন্টদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, জামায়াত-শিবিরের কর্মীরা বগুড়া-ঢাকা ও বগুড়া-রংপুর মহাসড়ক গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখায় গত দুই দিন এই দুই মহাসড়ক দিয়ে জাতীয় দৈনিকবাহী কোনো যান যেতে পারেনি। গতকাল পুলিশ মহাসড়ক থেকে গুঁড়ি সরিয়ে ফেললে রাত থেকে উত্তরাঞ্চলগামী বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল শুরু করেছে।বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, ‘জামায়াত-শিবির মহাসড়কে যেসব অবরোধ সৃষ্টি করে রেখেছিল, তা সরিয়ে ফেলা হয়েছে। পরিস্থিতিও যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। আশা করি, আজ থেকে যেকোনো যানবাহন এই পথ দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।’লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে বেলা ১১টার দিকে চট্টগ্রাম থেকে ট্রাকে আসা প্রায় চার হাজার প্রথম আলোর কপি জোর করে নামিয়ে নিয়ে জ্বালিয়ে দেন বিএনপি ও শিবিরের নেতা-কর্মীরা। সেখানে জেলার ছয়জন পরিবেশকের জন্য পাঠানো পত্রিকা ছিল। এতে লক্ষ্মীপুর শহর, জেলার রামগতি, কমলনগর, রায়পুর ও মান্দারী এলাকায় প্রথম আলো পাওয়া যায়নি। এতে সংবাদকর্মী, পরিবেশক, হকার ও পাঠকেরা অসন্তোষ, ক্ষোভ ও নিন্দা জানান।এদিকে সকালে নোয়াখালীর সোনাইমুড়ী বাংলাবাজার এলাকায় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন জাতীয় পত্রিকার ১১ হাজার কপি হরতাল-সমর্থকেরা পুড়িয়ে দিয়েছে। গত তিন দিন জেলায় কোনো পত্রিকা পাওয়া যায়নি।মান্দারী এলাকার শিক্ষক সামছুদ্দিন বাবুল জানান, ‘মতের বিরোধ থাকতে পারে। কিন্তু পত্রিকায় আগুন দেওয়া কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। গণতন্ত্র হরণ করে এ কেমন আন্দোলন? আমি এর তীব্র নিন্দা জানাই।’বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান-কেরানীহাট সড়কের সাতকানিয়ার কেরানীহাট, বাজালিয়া এলাকায় জামায়াত-শিবিরের তাণ্ডবে গতকাল পর্যন্ত পাঁচ দিন ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তারা জাতীয় পত্রিকাবাহী কোনো গাড়িও ওই সড়ক দিয়ে বান্দরবানে যেতে দেয়নি।দুপুরে পুলিশ সড়কের বিভিন্ন অংশে জামায়াত-শিবিরের ফেলা গাছের গুঁড়ি সরিয়ে দেয়। তারা আবারও সড়কে গাছ ফেলে যানবাহনে তাণ্ডব চালাতে পারে, এ আশঙ্কায় পরিবহন শ্রমিক-মালিক সমিতি বাস চালাতে সাহস পাচ্ছেন না।চট্টগ্রামের সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, রাতে পাহারা জোরদার করে সড়ক রক্ষার চেষ্টা করা হবে।বান্দরবানের জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেন, বান্দরবান-কেরানীহাট সড়কের বান্দরবানের অংশে কোনো সমস্যা নেই। সাতকানিয়ার অংশের সমস্যার ব্যাপারে বিভাগীয় কমিশনার ও চট্টগ্রামের জেলা প্রশাসনকে জানানো হয়েছে। টহল বাড়ানোর জন্য বলা হয়েছে।