১৩ তলা থেকে ফেলে গৃহকর্মীকে হত্যার অভিযোগ
রাজধানীর জাপান গার্ডেন সিটির একটি ভবনের ১৩ তলা থেকে মনি (১৩) নামের এক গৃহকর্মীকে নিচে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্ত্রী তৃষাকে আটক করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় ওই ভবনের কয়েকজন গৃহকর্মী অভিযোগ করেন, মনিকে বারান্দা থেকে নিচে ফেলে দেওয়ার সময় তাঁরা দেখেছেন। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা প্রথম আলো অনলাইনকে বলেন, মনি ১৩৬ নম্বর ভবনের ১৩ তলার বাসিন্দা তৃষার বাসায় কাজ করত। আজ সকাল সাড়ে আটটার দিকে ১৩ তলার বারান্দা থেকে রহস্যজনক অবস্থায় নিচে পড়ে যায় সে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এরপরই ওই ভবনের বিভিন্ন ফ্ল্যাটে থাকা গৃহকর্মীরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ মিছিল করতে থাকে। পরে এ ঘটনার ন্যায়বিচার করা হবে, পুলিশ এমন আশ্বাস দিলে গৃহকর্মীরা ফিরে যায়। ওসি আরও জানান, তৃষার স্বামী কক্সবাজারে আছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।