১৩ দফা দাবি মুক্তিযুদ্ধের পরিপন্থী: ইমরান
হেফাজতে ইসলামের সমাবেশে নারী লাঞ্ছনার কথা উল্লেখ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, তাদের ১৩ দফা দাবি মুক্তিযুদ্ধের পরিপন্থী। বাংলাদেশের মানুষ এই দাবি মেনে নেবে না। বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে তাদের (হেফাজতে ইসলাম) স্বপ্ন বাংলাদেশের মানুষ, তরুণ সমাজ বাস্তবায়ন করতে দেবে না।আজ মঙ্গলবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের লাঠিমিছিল শেষে প্রজন্ম চত্বরে বক্তব্যে এসব কথা বলেন ইমরান।ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান বলেন, ‘আমরা সব সময় শান্তির পক্ষে। শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের কথা আমরা বলে আসছি। কিন্তু একটি পক্ষ বারবার উসকানির মাধ্যমে সে প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা হত্যা, খুন, সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা প্রতীকী এই লাঠিমিছিল করে তাদের জানিয়ে দিতে চাই, আমরা ঘরে বসে থাকব না। এই লাঠি হাতে প্রতিহত করব উগ্রপন্থী সন্ত্রাসীদের।’ বক্তব্যে গণজাগরণ মঞ্চের আগামীকাল বুধবারের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানান ইমরান। একই সঙ্গে আগামী পহেলা বৈশাখের দিন সকালে গণজাগরণ মঞ্চে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেলে মহাসমাবেশে সবাইকে যোগদানের আহ্বান জানান তিনি।এর আগে যুদ্ধাপরাধীদের বিচারসহ ছয় দফা দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে লাঠিমিছিল নিয়ে প্রেসক্লাব হয়ে শাহবাগে ফেরেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মী ও সমর্থকেরা। বিকেল পাঁচটার দিকে প্রজন্ম চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি মত্স্য ভবন হয়ে প্রেসক্লাবে পৌঁছায়। সেখানে কিছুক্ষণ থাকার পর দোয়েল চত্বর ও টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। ওই মিছিলের সামনের সারিতে ছিলেন নারীরা। তাঁদের পেছনেই ছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ মঞ্চের সংগঠকেরা। তাঁদের সবার হাতে ছিল বাঁশের লাঠি।