১৩ দফা দাবি স্বাধীনতার চেতনাকে চ্যালেঞ্জ করছে
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি সার্বভৌমত্ব ও স্বাধীনতার চেতনাকে চ্যালেঞ্জ করছে বলে অভিযোগ করেছেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ এফ এম মেসবাহউদ্দিন।আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেসবাহউদ্দিন এসব কথা বলেন। এতে যুদ্ধাপরাধীদের শাস্তি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, নারী অধিকার সুরক্ষা ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।মেসবাহউদ্দিন বলেন, ১৫ কোটি মানুষ পাঁচ লাখ মানুষের কাছে জিম্মি। এটা তারা করতে পারে না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের মহাসচিব কামরুল হাসান খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নাদিয়া শারমিনসহ অন্যান্য সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সরকার এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাই অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের শাস্তি দাবি করেন তিনি।সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ১৩ দফা নিয়ে প্রধানমন্ত্রী তাঁর নিজের অবস্থান স্পষ্ট করেছেন। কিন্তু বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তা করেননি। তাঁর অবস্থান স্পষ্ট করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।সংবাদ সম্মেলন থেকে পরিষদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণসহ সারা দেশে অবস্থান কর্মসূচি, ২০ এপ্রিল বৃহত্তর ময়মনসিংহ জেলায় সমাবেশ, ২২ এপ্রিল বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক, ২৭ এপ্রিল বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ২১ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত সব বিভাগীয় পর্যায়ে সমাবেশ এবং জুন মাসের প্রথম সপ্তাহে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেশাজীবী পরিষদের মহাসমাবেশ হবে।