কথিত নাস্তিক ব্লগারদের কঠোর শাস্তি এবং মৃত্যুদণ্ডের বিধান রেখে ইসলাম অবমাননা প্রতিরোধ আইন করাসহ ১৩ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই দাবি আদায়ে মাসব্যাপী কর্মসূচি শেষে ৫ মে ঢাকা অবরোধের ঘোষণা দেওয়া হয়।গতকাল শনিবার বিকেলে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেন, এসব দাবি কোনো রাজনৈতিক দাবি নয়। ক্ষমতা থেকে কাউকে সরানো বা কাউকে ক্ষমতায় বসানোর দাবি নয়। কিন্তু ক্ষমতায় থাকতে হলে এসব দাবি মেনেই থাকতে হবে। আবার ক্ষমতায় যেতে হলেও এসব দাবি মেনেই যেতে হবে।সমাবেশ থেকে ঢাকা অভিমুখী লংমার্চে পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীদের পথে পথে বাধা, হামলা, যানবাহন ভাঙচুরের প্রতিবাদে এবং সংগঠনের ১৩ দফা দাবিতে কাল সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেওয়া হয়।লংমার্চ ও মহাসমাবেশ কর্মসূচি নিয়ে গতকাল সারা দেশে টানটান উত্তেজনা ছিল। কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। মহাসমাবেশে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে সমাবেশ শুরু হলেও ফজরের নামাজের পর থেকেই হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা মতিঝিলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার চারপাশ থেকে মিছিল ও জিকির করে হেঁটে দলে দলে সমাবেশস্থলে আসতে থাকেন তাঁরা। একপর্যায়ে মঞ্চের পশ্চিমে দৈনিক বাংলা মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত, দক্ষিণে টিকাটুলী মোড় হয়ে রাজধানী সুপার মার্কেট, উত্তরে আরামবাগ হয়ে ফকিরাপুল কাঁচাবাজার এবং নয়াপল্টন, বিজয়নগর পানির ট্যাংকিসহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে।পাল্টা হরতাল-অবরোধ কর্মসূচি এবং আগের দিন থেকেই বাস, ট্রেন, লঞ্চ চলাচল বন্ধ হওয়ার পরও দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ মহাসমাবেশে এসে যোগ দেন। ঢাকার আশপাশের এলাকা, এমনকি কুমিল্লা থেকে হাজার হাজার মানুষ হেঁটে ঢাকায় আসেন। বেলা তিনটার দিকে মহাসমাবেশস্থলে আসেন আল্লামা শাহ আহমদ শফী। সমাবেশের প্রথম অধিবেশনে নূর হোসাইন কাসেমী ও দ্বিতীয় অধিবেশনে আহমদ শফী সভাপতিত্ব করেন। তাঁর পক্ষে ছেলে মাওলানা আনাছ মাদানী লিখিত বক্তব্য পড়েন। সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৭৫ জন নেতা এতে বক্তব্য দেন।লিখিত বক্তব্যে আহমদ শফী বলেন, হেফাজতে ইসলাম তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ উপায়ে দেশ ও ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে বদ্ধপরিকর। সরকার এসব দাবির প্রতি কর্ণপাত না করে কোটি কোটি মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কোনো অপশক্তিই হেফাজতকে অভীষ্ট লক্ষ্য অর্জনে দমাতে পারবে না।‘শাহবাগি নাস্তিকদের’ মাধ্যমে হরতাল-অবরোধ করিয়ে লংমার্চ ও সমাবেশে বাধা দেওয়ার সমালোচনা করেন আহমদ শফী। তিনি বলেন, ‘তার পরও এই মহাসমুদ্র প্রমাণ করে, এ দেশে নাস্তিক-মুরতাদ ও ইসলামবিরোধীদের ঠাঁই নেই। ইমান ও দেশ রক্ষার যে আন্দোলনের সূচনা হয়েছে, মনজিলে মাকসুদে পৌঁছার আগ পর্যন্ত আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই।’ হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফী বলেন, আজ ইনসাফের কথা বললে বাতিল অপশক্তির গাত্রদাহ শুরু হয়। বাংলাদেশের মুসলমানরা বাতিলের ভয়ংকর থাবায় আক্রান্ত। সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস মুছে দিয়ে ফেরাউনি শাসনব্যবস্থা কায়েমের অপচেষ্টা দেশকে খোদায়ি গজব অনিবার্য করে তুলেছে। আল্লাহ ও প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করার মতো দুঃসাহস দেখানো হচ্ছে। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার কারণে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হলেও আল্লাহ ও রাসুল (সা.)-এর বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তির আওতায় আনার উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। ব্লগার রাজীবকে শহীদ আখ্যা দেওয়া হয়েছে। সংসদে তাঁর প্রতি সম্মান দেখানো হয়েছে। তিনি বলেন, বাতিলের এই আক্রমণ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কিন্তু সাময়িক সফলতার আস্ফাালন দেখালেও চূড়ান্ত সফলতা মুসলমানদেরই হবে।সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী হেফাজতের আন্দোলনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই দাবি করে বলেন, ‘আমাদের ইমানি আন্দোলনে মুসলমান হিসেবে আওয়ামী লীগ-বিএনপি আসুক; কিন্তু রাজনৈতিক কর্মসূচি নিয়ে নয়। তাই তত্ত্বাবধায়ক সরকার, ইলিয়াস আলীর গুম—এসব রাজনৈতিক বিষয় আমাদের দাবিতে নেই।’ সমাবেশের অনুমতি দিয়ে হরতাল ডাকা, বিভিন্ন স্থানে বাধাদানের ঘটনাকে সরকারের মোনাফেকি বলে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে এর সমুচিত জবাব দেওয়া হবে।সংগঠনের নেতা নূর হোসাইন কাসেমী বলেন, ‘যত দিন পর্যন্ত আমাদের ১৩ দফা দাবি পূরণ না হবে, তত দিন আন্দোলন চলবে।’মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, তারা আল্লাহর ওপর আস্থা-বিশ্বাস তুলে দিয়েছে। ধর্মহীন শিক্ষানীতি ও কোরআনবিরোধী নারী নীতিমালা করেছে। এখন নবীজির বিরুদ্ধে এমন কটূক্তি করেছে, যা বিধর্মীরাও করেনি। এই নাস্তিক সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে হবে।মাওলানা সুলতান যউক নদভী বলেন, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানরা নিজ নিজ ধর্ম নিয়ে বসবাস করতে পারবে। কিন্তু নাস্তিকদের জায়গা নেই। যারা নাস্তিকদের পক্ষ নেবে, তাদের রাষ্ট্রক্ষমতায় থাকার অধিকার নেই।চট্টগ্রামের জিরি মাদ্রাসার পরিচালক মাওলানা তৈয়্যব বলেন, ‘যারা আল্লাহর অস্তিত্ব মানে না, তাদের অস্তিত্ব কোথায়। আমরা আস্তিক হিসেবে বেঁচে থাকতে চাই।’আবদুল লতিফ নেজামী বলেন, হেফাজতে ইসলাম দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও সব দলের ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আজ প্রমাণ হয়েছে, আলেমরা এ দেশের রাজনীতির নিয়ামক শক্তি। তাঁদের বাদ দিয়ে কোনো শক্তির পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।মুফতি ওয়াক্কাছ বলেন, বিগত ১৪০০ বছরের ইতিহাসে আল্লাহ, রাসুল (সা.)-কে অবমাননা করার এমন দুঃসাহস কোনো অমুসলিমরাও দেখায়নি। অথচ সরকার তাদের নিরাপত্তা দিয়ে রাখছে। এ সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে জুনাইদ আল হাবিব বলেন, ‘আপনার বিরুদ্ধে কটূক্তি করলে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। কিন্তু মহানবী (সা.)-এর বিরুদ্ধে কটূক্তিকারীদের রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছেন। নাস্তিক-মুরতাদদের সহযোগী হয়েছেন।’মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেন, নাস্তিকদের গডফাদার ইমরান সরকারকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শাহরিয়ার কবিরের আস্ফাালন বন্ধ করতে হবে, হাসানুল হক ইনুকে মুখ সামলাতে হবে।শাহবাগ আন্দোলনের প্রসঙ্গ টেনে আবদুর রব ইউসুফী বলেন, ‘তারা জয় বাংলা বলে, জয় বঙ্গবন্ধু বলে না। এর অর্থ, এরা রবিঠাকুরের সোনার বাংলা চায়, শেখ মুজিবের বাংলাদেশকে মানতে রাজি নয়। তাই এরা শুধু মহানবীর দুশমন নয়, বাংলাদেশেরও দুশমন।’আনোয়ার শাহ বলেন, অনেকে বলছেন, লংমার্চ নাকি শুরু করেছেন চীনের নেতা মাও সে-তুং। এটা ঠিক নয়। হজরত ইব্রাহিম (আ.)-এর হজের মধ্য দিয়ে প্রথম লংমার্চ শুরু হয়।সমাবেশ পরিচালনা করেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। সমাবেশে আরও বক্তব্য দেন সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুফতি আবদুর রহমান, খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ, মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা আবদুল হামিদ, মাওলানা নূরুল ইসলাম অলিপুরী, মঈনুদ্দীন রুহী, মাহফুজুল হক, মাওলানা মোস্তফা আজাদ, নেজামে ইসলাম পার্টির সভাপতি আবদুর রকিব, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হাবীবুর রহমান, নায়েবে আমির আশরাফ আলী, মহাসচিব হুমায়ুন কবির, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, মাওলানা জিয়া উদ্দিন, মুফতি মামুনুল হক, মাওলানা মুজিবুর রহমান পেশওয়ারী, মুফতি এনামুল হক, মুফতি তৈয়্যব, মাওলানা জামাল নাছের চৌধুরী, মাওলানা নূরে আলম হামিদী, মাওলানা মো. ইদ্রিছ, মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ইমরান মাজহারী প্রমুখ।স্লোগান প্রত্যাহার: বেলা একটার দিকে মঞ্চ থেকে ঘোষণা হয়, এনটিভি, বাংলাভিশন ও দিগন্ত টেলিভিশনের সরাসরি সমাবেশ সম্প্রচার সরকার বন্ধ করে দিয়েছে। এ খবর ঘোষণার সঙ্গে সঙ্গে সমাবেশে উত্তেজনা দেখা দেয়। তখন মঞ্চ থেকে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন।এ পর্যায়ে হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ওয়াক্কাছ বলেন, ‘প্রধানমন্ত্রী সম্পর্কে মঞ্চ থেকে যে স্লোগান দেওয়া হয়েছে, তা আমি প্রত্যাহার করছি। তিনি এখনো আমাদের প্রধানমন্ত্রী। আমি এ স্লোগান বাতিল করলাম।’বক্তৃতার সুযোগ পাননি ইসলামী আন্দোলনের নেতারা: সমাবেশে কওমি মাদ্রাসাকেন্দ্রিক সব ধর্মভিত্তিক দল, সংগঠন ও প্রভাবশালী আলেমরা অংশ নিলেও বক্তৃতার সুযোগ দেওয়া হয়নি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের নেতাদের। দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ ফয়জুল করিম ও মহাসচিব মাওলানা ইউনূছ আহমাদসহ কয়েকজন নেতা-কর্মী সমাবেশে গেলেও তাঁদের মঞ্চে ওঠা ও বক্তৃতার সুযোগ দেওয়া হয়নি।এর আগে গত বৃহস্পতিবার রাতে ইউনূছ আহমাদসহ দলের তিনজন নেতা আল্লামা আহমদ শফীর সঙ্গে দেখা করতে লালবাগের মাদ্রাসায় যান। কিন্তু তিনি দেখা দেননি।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ মার্চ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ওলামা-মাশায়েখ সম্মেলনে চরমোনাই পীর ও দলের এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে প্রতিক্রিয়া দেখা দেয়। একপর্যায়ে ক্ষমা প্রার্থনার মাধ্যমে বিষয়টি মিটমাট হলেও ইসলামী আন্দোলনের নেতারা হেফাজতের কর্মসূচির বিষয়ে এক রকম নীরব থাকেন।হেফাজতে ইসলামের একাধিক সূত্র জানায়, ২৯ মার্চ ইসলামী আন্দোলনের মতিঝিলের মহাসমাবেশে বিলি করা একটি পুস্তিকা নিয়ে আহমদ শফী ক্ষুব্ধ হন। দলের এক নেতার নামে ‘হে আল্লাহ পীর সাহেব চরমোনাইকে কবুল কর’ শিরোনামে প্রকাশ করা ওই পুস্তিকায় হেফাজতে ইসলামের নেতৃত্ব ও এর সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা নিয়ে লেখাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন ছাপা হয়।সমাবেশের ঘোষণা: মহাসমাবেশ শেষে ১৩ দফা ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন; ইসলাম বিদ্বেষের গুরুতর অপরাধে শাহবাগ আন্দোলনের সংগঠক ও নেতৃত্বদানকারী চিহ্নিত নাস্তিক মুরতাদদের সবাইকে গ্রেপ্তার করে কঠোর শাস্তিদান; আল্লাহ, রাসুল, কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা প্রচার রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন প্রণয়ন; চলমান আন্দোলনে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের পক্ষের সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গুলিবর্ষণ, নির্যাতন, নিপীড়ন ও হত্যাকাণ্ডের কঠোর বিচার; ইসলাম অবমাননার বিরুদ্ধে সংঘটিত আন্দোলন-বিক্ষোভে গ্রেপ্তারকৃত সব আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র ও তৌহিদি জনতার মুক্তিদান এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার; মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা; ধর্মহীন শিক্ষানীতি ও ইসলামবিরোধী নারীনীতি বাতিলের পাশাপাশি শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলামি শিক্ষাকে বাধ্যতামূলক করা; সারা দেশের কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ এবং মসজিদের ইমাম ও খতিবকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন বন্ধের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র বন্ধ করা এবং পার্বত্য চট্টগ্রামসহ দেশব্যাপী ইসলামবিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিওগুলোর অপতৎপরতা এবং খ্রিষ্টান মিশনারিদের ধর্মান্তকরণসহ সব অপতৎপরতা বন্ধ করতে হবে।