১৩ দফা মানলে গদিও হেফাজতে থাকবে: হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশে বক্তারা বলেছেন, এই আন্দোলন কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য নয়। তবে হেফাজতের ১৩ দফা না মানলে প্রয়োজনে আগামী ৫ মে সরকার ফেলে দেওয়া হবে। তাঁরা বলেন, হেফাজতের ১৩ দফা মানলে গদিও হেফাজতে থাকবে। এই দাবি মানলে সাভারে দুর্যোগ হতো না। তাঁরা রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান। কথিত নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে রাজশাহী নগরের মাদ্রাসা মাঠে আজ সোমবার সকাল ১০টায় এই মহাসমাবেশ শুরু হয়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সমাবেশ চলে। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর মুহতারিম কাশেমিয়া মাদ্রাসার অধ্যক্ষ সলিমুদ্দিন কাশেমী।সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও আশপাশের এলাকার হেফাজতের সমর্থকেরা যোগ দেন। বিভিন্ন জায়গা থেকে তাঁরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যান। তবে তাঁদের মধ্যে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও শিবিরকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।সমাবেশে বিএনপি-জাতীয় পার্টির খাবার ও পানি সরবরাহসমাবেশের শুরুতে সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পাশাপাশি চলে হামদ ও নাত পরিবেশন। সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য বিএনপির পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি, তরমুজ ও শসা সরবরাহ করা হয়। তবে সমাবেশের মাইকে ঘোষণা দেওয়া হয়, জাতীয় পার্টি রাজশাহীতে তাঁদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছে। তাঁদের সাধুবাদ জানানো হয়। গত ৬ এপ্রিলের লংমার্চ-পরবর্তী রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে রাজশাহীতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।সমাবেশে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম যে ১৩ দফা দাবি জানিয়েছে, তা দেশের জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য। এ দাবি মেনে নিলে সবারই মঙ্গল হবে। দাবি আদায়ের জন্য তৌহিদি জনতা বুকের রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দেওয়া হয়। বক্তারা বলেন, ১৩ দফার কোনোটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। কোনো একটি দফা সাংঘর্ষিক হলেও প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে। সরকারের উদ্দেশে বক্তারা বলেন, ১৩ দফার সঙ্গে বিরোধিতা করলে তৌহিদি জনতা রাস্তায় নামতে দেবে না। পদত্যাগ করতে হবে। না হলে দেখিয়ে দেওয়া হবে কীভাবে পদত্যাগ করাতে হয়। তাঁরা আরও বলেন, ৫ তারিখে প্রশাসন দিয়ে মোকাবিলা করতে গেলে প্রশাসন বলে কিছু থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জের ধরে তাঁরা মন্ত্রীকে ‘পাগল’ এবং কাদের সিদ্দিকীর বরাত দিয়ে ‘রাজাকার’ আখ্যায়িত করেন। অন্যদিকে, ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ‘মুসলিম জাতির কণ্ঠস্বর’ আখ্যায়িত করে বলা হয়, মাহমুদুর রহমানের মুক্তি দেওয়া না হলে আগামী ৫ মে হবে সরকারের শেষ দিন। একজন বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনার বাবা শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম; আর আমরা বলছি, এবারের সংগ্রাম নবীর ইজ্জত রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম নাস্তিক ও মুরতাদের বিরুদ্ধের সংগ্রাম। আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যার যা আছে, তা-ই নিয়ে ৫ মের সমাবেশে উপস্থিত থাকবে।’ সেদিন গাড়িঘোড়া বন্ধ করে দেওয়া হলেও পায়ে হেঁটে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশের প্রধান বক্তা হেফাজতের নায়েবে আমির ও ঢাকা মহানগরের আহ্বায়ক মুফতি নূর হুসাইন কাশেমী বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’ সভায় বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ নেজামী, মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী, মুফতি ফয়জুল্লাহ, মুফতি জুনায়েত আল হাবিব, বজলুল করিম চৌধুরী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা নুরুল ইসলাম, আবদুর রকিব, নাজমুল হক ও শাখাওয়াত হোসেন, রাজশাহী মহানগরের আহ্বায়ক শেখ তৈয়বুর রহমান নিজামী, সাধারণ সম্পাদক মওলানা আবদুস সামাদ প্রমুখ।