রাজধানীর অদূরে কেরানীগঞ্জে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এবং বিএসটিআইয়ের অনুমোদনহীন দই, রুটি, বিস্কুট ও কেক তৈরি এবং বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন।আজ মঙ্গলবার বিকেলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার পরিচালনায় এ অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করে বিএসটিআই, র্যাব-৩ ও র্যাব-১০ এর একটি দল। আদালত সূত্রে জানা গেছে, আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালত জিঞ্জিরা বাজারে অভিযান চালান। সেখানকার মেসার্স রুহিতপুর এন্টারপ্রাইজকে এক লাখ টাকা, রাজু সুইটমিটকে ৫০ হাজার টাকা, নিউ কুসুম বেকারিকে ৭৫ হাজার টাকা, রুহিতপুর মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা, রুবি সুইটস অ্যান্ড দধিকে ৩০ হাজার টাকা, আলম মিষ্টান্ন ভান্ডারকে ৬০ হাজার টাকা, আবদুল আজিজ স্টোরকে ৬০ হাজার টাকা, আল মদিনা সুইটসকে ৭৫ হাজার টাকা, আল্লার দান বেকারিকে এক লাখ টাকা ও কুসুম কনফেকশনারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে আদালত খবর পেয়ে কেরানীগঞ্জের আটিবাজার মাস্টারবাড়ী এলাকার একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন নয় ধরনের স্কিন ক্রিম তৈরির অভিযোগে ওই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেন। একই এলাকায় বিএসটিআইয়ের অনুমোদনবিহীন চিপস তৈরি ও বাজারজাত করার অপরাধে অপর একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে একই আদালত গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তর শাহজাহানপুর এলাকার সেইফ ড্রিংকিং ওয়াটার নামক একটি সুপেয় পানি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।