১৩ ফেব্রুয়ারি চাঁদপুরে যাচ্ছেন খালেদা
চাঁদপুরে বিএনপি ও পুলিশের মধ্যকার সংঘর্ষের ঘটনায় নিহত আবুল হোসেন মৃধা ও লিমন ছৈয়ালের পরিবারকে দেখতে ১৩ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চাঁদপুরে যাবেন।গত শুক্রবার বিএনপির দলীয় কার্যালয় থেকে পাঠানো এক ফ্যাক্স বার্তার বরাত দিয়ে জেলা পুলিশের গোয়েন্দা সংস্থা ও স্থানীয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ খালেদা জিয়ার চাঁদপুরে আসার বিষয়টি নিশ্চিত করেন।এদিকে, এ ঘটনার নিরপেক্ষ তদন্তে জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা আজ সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম মজুমদারের নেতৃত্বে এক সদস্যের একটি কমিটি গঠন করেন। এ ছাড়া জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ চৌধুরী গত বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফরের নেতৃত্বে তিন সদস্যের আরও একটি তদন্ত দল গঠন করা হয়। অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠিত পুলিশের দুই সদস্যবিশিষ্ট তদন্ত দলটি বৃহস্পতিবার দুই দিনের তদন্ত শেষ করেছে। এ তদন্ত দলের প্রধান পুলিশের অতিরিক্ত ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) বিশ্বাস আফজাল হোসেন তদন্ত শেষে সাংবাদিকদের বলেছিলেন, ঘটনার দিন গত রোববার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গুলি না চললে বা পুলিশ অ্যাকশনে না গেলে চাঁদপুরে হয়তো আরও ১০টি লাশ পড়ত। তবে কে, কেন এবং কার নির্দেশে ও কী পরিস্থিতিতে গুলি করেছে—সেই তদন্ত এখনো শেষ হয়নি। এদিকে, বৃহস্পতিবার চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরীকে চাঁদপুর থেকে রাঙামাটিতে বদলি করা হয়েছে। এ ঘটনায় গত রোববার চাঁদপুর মডেল থানার পুলিশের পক্ষ থেকে বিএনপি-জামায়াতের ৫০ জন নেতার-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে দুটি মামলা হয়।এর মধ্যে বৃহস্পতিবার নাম উল্লেখ করা ৪৯ জন আসামি এক মাসের জামিন পায়।