১৩ বছর পর শিবলীর ‘বিশ্বাসের গান’
১৩ বছর পর দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করেছেন সংগীতশিল্পী লতিফুল ইসলাম শিবলী। এরই মধ্যে তিনটি গানের কাজ শেষও করেছেন তিনি। প্রাথমিকভাবে অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘বিশ্বাসের গান’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি পুরো অ্যালবামে গানের কথা, সুর করেছেন শিবলী নিজেই। আর সংগীতায়োজন করছেন নিয়াজ আহমেদ চৌধুরী ও অভিজিত্ জিতু।শিবলী বলেন, ‘পুরো অ্যালবামটি হবে নিরীক্ষাধর্মী। নাটক, কবিতা ও গানের এক সংমিশ্রণ থাকবে এতে। গানগুলোর কথার মধ্য দিয়ে দেশাত্মবোধ, মুক্তিযুদ্ধ, বিশ্বাস, পুঁজিবাদ নানা বিষয় তুলে ধরা হবে। এ ছাড়া দুই-তিনটি ইংরেজি গান রাখার পরিকল্পনা আছে।’গান থেকে এত দিন দূরে থাকার কারণ হিসেবে শিবলী জানিয়েছেন, ‘এটা একান্তই আমার ব্যক্তিগত কারণ। ১৯৯৯ সালের পর পারিবারিক ও ব্যক্তিগত কিছু কারণে গান থেকে নিজেকে দূরে রেখেছিলাম।’নতুন অ্যালবামের কাজের পাশাপাশি চলচ্চিত্রের চিত্রনাট্যের কাজও শুরু করেছেন শিবলী।উল্লেখ্য, নিজের লেখা, সুর ও সংগীতায়োজনে শিবলীর প্রথম একক অ্যালবাম ‘নিয়ম ভাঙার নিয়ম’ প্রকাশিত হয়েছিল ১৯৯৮ সালে।গানের জগত্ থেকে বিরতির আগে পর্যন্ত এ দেশের নামকরা অনেক শিল্পীর জন্য অসংখ্য গান লিখেছেন লতিফুল ইসলাম শিবলী। আইয়ুব বাচ্চুর কণ্ঠে তাঁর লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে হচ্ছে কষ্ট পেতে ভালোবাসি, কেউ সুখী নয়, হাসতে দেখো-গাইতে দেখো, নীল বেদনা, আহা জীবন, একটা চাকরি হবে, চাঁদ মামা।শিবলীর লেখা ও সুরে নগরবাউল ব্যান্ডের জেমস গেয়েছেন, জেল থেকে বলছি, গিটার কাঁদতে জানে, প্রিয় আকাশি, নাটোর স্টেশন, একজন বিবাগি, অট্টালিকার ফাঁকেসহ অসংখ্য জনপ্রিয় গান। ব্যান্ডদল মাইলস গেয়েছে পলাশির প্রান্তরে, শেষ ঠিকানা, হ্যালো ঢাকা। আর সোলসের হাজার বর্ষা রাত উল্লেখযোগ্য।তপন চৌধুরী ও শাকিলা জাফরের গাওয়া তুমি আমার প্রথম সকাল গানটিও শিবলীর লেখা।