১৩ মামলা থেকে মুক্ত হাসিনা, দুটিতে অভিযোগপত্র হয়নি
বেপজায় পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে চারদলীয় জোট সরকারের সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।২০০১ সালের ১১ ডিসেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলা দায়ের করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। শেখ হাসিনা মামলাটি বাতিলের আবেদন করেন। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিগত চারদলীয় জোট সরকারের আমলে নয়টি ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছয়টি মামলা হয়। গতকাল বেপজা মামলা বাতিলের মধ্য দিয়ে দুই মাস ২৬ দিনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা ১৫টি মামলার মধ্যে নয়টি মামলা বাতিল বা অবৈধ ঘোষণা করলেন উচ্চ আদালত। মামলা নয়টি হচ্ছে নাইকো দুর্নীতি মামলা, ভাসমান বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলা, মিগ-২৯ ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলা, নভোথিয়েটার দুর্নীতিসংক্রান্ত তিনটি মামলা, মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলা, ফ্রিগেট (যুদ্ধজাহাজ) কেনায় দুর্নীতির মামলা ও বেপজায় পরামর্শক নিয়োগের মামলা। ৪ মার্চ থেকে গতকাল পর্যন্ত হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ এই নয়টি মামলা বাতিল বা অবৈধ ঘোষণা করেন।শেখ হাসিনার বিরুদ্ধে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যবসায়ী আজম জে চৌধুরী, নূর আলী ও তাজুল ইসলাম ফারুকের করা তিনটি চাঁদাবাজির মামলা প্রত্যাহার করা হয়েছে। পল্টন হত্যা হামলার চূড়ান্ত অভিযোগপত্রে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়া হয়। তবে জোট সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে করা হুমায়ুন আজাদকে দেখতে সেনানিবাসে অনধিকার প্রবেশসংক্রান্ত মামলা ও বঙ্গবন্ধু স্মৃতিসৌধ নির্মাণসংক্রান্ত দুর্নীতি মামলার এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি। তবে দীর্ঘ নয় বছরে অভিযোগপত্র না দেওয়ায় এ দুটি মামলার কার্যকারিতা নেই বলে জানিয়েছেন হাসিনার কৌঁসুলি শেখ ফজলে নূর তাপস।গতকাল রায়ের পর শেখ ফজলে নূর তাপস প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ নয় বছর পর সব মামলা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহতি পেয়েছেন। আইনি প্রক্রিয়ায় সব মামলা খারিজ হয়েছে। ন্যায়বিচার পেয়েছি। নয় বছর পরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা সব মামলার পরিসমাপ্তি হয়েছে।’ গতকালের রায়: গতকাল রায়ে আদালত বলেন, এফআইআর ও অভিযোগপত্রে আবেদনকারীর (শেখ হাসিনা) বিরুদ্ধে অভিযোগ উদঘাটিত পায়নি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আবেদনকারীর বিরুদ্ধে মামলাটি করা হয়। তাই এ মামলার কার্যক্রম চলতে দেওয়া হবে আদালতের প্রক্রিয়ার অপব্যবহারের শামিল। তাই মামলার সব কার্যক্রম বাতিল ঘোষণা করা হলো।আদালতে শেখ হাসিনার পক্ষে শেখ ফজলে নূর তাপস শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।সৈয়দ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, রায় দুদককে অবহিত করা হবে। রায়ের অনুলিপি পাওয়ার পর দুদক আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।জোট আমলের নয় মামলা: বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নয়টি মামলা করা হয়। মামলাগুলো হচ্ছে, মিগ-২৯ বিমান ক্রয়ে দুর্নীতি, নভোথিয়েটার প্রকল্পে দুর্নীতির অভিযোগে তিনটি, মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্র স্থাপন দুর্নীতি, ফ্রিগেট (যুদ্ধজাহাজ) কেনায় দুর্নীতি, বেপজায় পরামর্শক নিয়োগে দুর্নীতি, সেনানিবাসে অনাধিকার প্রবেশ ও বঙ্গবন্ধু স্মৃতিসৌধ নির্মাণ প্রকল্পে দুর্নীতি। গত ৪ মার্চ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিন সমন্বয়ে গঠিত বেঞ্চ নভোথিয়েটার প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগে করা তিনটি মামলা এবং ৯ মার্চ মিগ-২৯ দুর্নীতির মামলার কার্যক্রম বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন। গতকাল রায় প্রদানকারী আদালত ২২ এপ্রিল মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্ট স্থাপনে দুর্নীতির অভিযোগে করা মামলা এবং ১৮ মে ফ্রিগেট কেনায় দুর্নীতির মামলা বাতিল ঘোষণা করে রায় দেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সেনানিবাসে প্রবেশ ও বঙ্গবন্ধু স্মৃতিসৌধ নির্মাণ প্রকল্প দুর্নীতিসংক্রান্ত মামলা দুটি নয় বছরে আগে করা। এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি। ফলে অভিযোগের কার্যকারিতা নেই। তবে মামলা দুটির অস্তিত্ব রয়েছে।তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছয়: ব্যবসায়ী আজম জে চৌধুরী, নূর আলী ও তাজুল ইসলাম ফারুক চাঁদাবাজির অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মামলা করেন। এ ছাড়া নাইকো ও ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতি এবং পল্টনে জামাত-শিবির কর্মী হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ব্যবসায়ী আজম জে চৌধুরীর মামলাটি প্রত্যাহার করা হয়েছে। তাজুল ইসলাম ফারুক ও নূর আলী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। পল্টনে জামাত-শিবির কর্মী হত্যার ঘটনায় চূড়ান্ত অভিযোগপত্রে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়া হয়। এর মধ্যে ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপন দুর্নীতির মামলা ১৩ এপ্রিল এবং ১৩ মার্চ নাইকো দুর্নীতি মামলাটি বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।