১৩ রাইফেলের ১০০ জনকে অভিযোগ শোনানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আসামি নম্বর ১, সুবেদার মেজর শেখ জুবায়ের হোসেন। আপনার বিরুদ্ধে অভিযোগ, বিডিআর বিদ্রোহের দিন দরবার হল থেকে বেরিয়ে আপনি নিজের সৈনিক লাইনে এসে বাঁশি বাজিয়ে জওয়ানদের অস্ত্র নেওয়ার আদেশ দেন। বিদ্রোহের সময় ধারণ করা ভিডিওতে পিলখানার ৪ নম্বর গেটে আপনাকে নেতৃত্ব দিতে দেখা যায়। ১৩ নম্বর রাইফেল ব্যাটালিয়নের মাঠে গণকবর খননের কাজও আপনি তদারক করেন। আসামি নম্বর ২, নায়েক সুবেদার আবদুল মতিন মিয়া। আপনি সৈনিকদের আদেশ দিয়ে বলেন, মামুর ব্যাটারা, সকলে কোতে যেয়ে অস্ত্র নাও। বিডিআরে বিদ্রোহের ঘটনায় ১৩ রাইফেল ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে আনা অভিযোগ গতকাল সোমবার এভাবে পড়ে শোনানো হয়।১৩ রাইফেল ও সংযুক্ত ব্যাটালিয়নের ৬২২ জন আসামির মধ্যে গতকাল ১০০ জনকে অভিযোগ শোনানো হয়েছে। বাকি সদস্যদের অভিযোগ শোনানো হবে আজ মঙ্গলবার।প্রায় ছয় মাস আগে এই ব্যাটালিয়নের বিচার শুরু হয়েছিল বিশেষ আদালত-৫-এ। আদালত বিভাজনের কারণে গতকাল বিশেষ আদালত-৮-এ এই বিচার শুরু হয়েছে। এই ব্যাটালিয়নের মোট ৬২৩ জন আসামির মধ্যে হাবিলদার শফিকুল ইসলাম নামে একজন মারা গেছেন। আসামিদের মধ্যে ১৩ রাইফেল ব্যাটালিয়নের নিজস্ব সদস্য ৩১৫ ও সংযুক্ত বিভিন্ন ব্যাটালিয়নের সদস্য ৩০৮ জন। গতকাল একজন আসামিকে আদালতের বাইরে অ্যাম্বুলেন্সে রেখে শব্দযন্ত্রের মাধ্যমে অভিযোগ শোনানো হয়।বিশেষ আদালত-৮-এ সভাপতিত্ব করেন বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক। তাঁর সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সেরাজুল হক, মেজর জাহিদুর রহমান খান ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ভীষ্মদেব চক্রবর্তী।সকাল ১০টার দিকে আদালতের কার্যক্রমের শুরুতে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল আখতার হামিদ খান আদালতে বলেন, কাঠগড়ায় দাঁড়ানো আসামিরা বিডিআর বিদ্রোহের সূচনাকারী সেপাই মঈনের সহযোগী। সেপাই মঈন সেদিন দরবার হলে বিডিআরের মহাপরিচালকের দিকে অস্ত্র তাক করে বিদ্রোহের সূচনা করেন। ব্যাটালিয়নের অন্য সদস্যদের সহায়তা ও সমর্থনেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। অতএব, তাঁরা এই বিদ্রোহের বিষয়টি গোপন করে সহায়তা, পরে নিজেরাই সরাসরি অংশ নেন। এই ব্যাটালিয়নের এত সদস্যের মধ্যে একজনও বিদ্রোহ দমন বা প্রতিরোধ করতে গিয়ে আহত, নিহত বা নির্যাতিত হননি। বরং এই ব্যাটালিয়নের সবজিবাগানে নিহত কর্মকর্তাদের মৃতদেহ মাটিচাপা দেওয়া হয়। সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না।প্রসিকিউটরের বক্তব্যের পর আদালত কিছু সময়ের জন্য মুলতবি করা হয়। বিরতির পর কার্যক্রম শুরু হলে বিচারক প্যানেলের সদস্যরা জওয়ানদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। আদালত বলেন, এই মামলার ৬২২ জন আসামির মধ্যে ১৭২ জনের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বিদ্রোহের দিন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের আদেশ অমান্য করেছেন। ৪১ জন বিদ্রোহ দমনে কোনো প্রচেষ্টা নেননি। আটজন নিজ অধীনস্থদের নিয়ে বিদ্রোহ করেন। ৫৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা অস্ত্র ও গোলাবারুদ লুট করেন। চারজন গাড়িচালক ছিলেন, যাঁরা কর্মকর্তাদের সহায়তা না করে উল্টো গাড়ি অন্যত্র সরিয়ে রাখেন। সেপাই শাহ আলম কোত ও ম্যাগাজিন ভাঙার নেতৃত্ব দেন। তিনি লুট করা অস্ত্র বিদ্রোহীদের হাতে তুলে দেন।আদালত বলেন, বিদ্রোহের পর ১৮ জনের বাড়ি থেকে গোলাবারুদ ও বুলেটপ্রুফ জ্যাকেট পাওয়া যায়। ৪৬ জনকে স্থির ও ভিডিওচিত্র থেকে শনাক্ত করা হয়। তাঁদের ছয়জন বিদ্রোহের সময় গণমাধ্যমের সামনে উসকানিমূলক বক্তব্য দেন। ১০ জন বিদ্রোহের পর অস্ত্র জমা দিয়ে নিজে নির্দোষ থাকার চেষ্টা করেন। আদালত সিগন্যাল কোরের ছয়জনের নাম উল্লেখ করে বলেন, তাঁরা আগাম খবর না দিয়ে বিদ্রোহে সহায়তা করেন। এভাবে গতকাল ১০০ জনের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। বেলা পৌনে তিনটা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে।বিডিআরের কর্মকর্তারা বলেন, সবার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানোর পর তাঁরা দোষী না নির্দোষ তা তাঁদের কাছে জানতে চাওয়া হবে। এরপর তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।আজ সকাল ১০টায় আবার আদালতের কার্যক্রম শুরু হবে।