বিডিআরের ১৩ রাইফেল ও সংযুক্ত ব্যাটালিয়নের অবশিষ্ট ৫২২ জন আসামির মধ্যে আজ মঙ্গলবার ৪০০ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে বিচারকাজ শুরু হয়ে বেলা সাড়ে তিনটার দিকে পড়া শেষ হয়। বিশেষ আদালত-৮-এ সভাপতিত্ব করেন বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক। এই মামলায় আরও ১২২ জন আসামি আছেন। আগামীকাল বুধবার তাঁদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হবে। এর আগে গতকাল সোমবার ১০০ আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। আজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল আখতার হামিদ খান। আদালতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সেরাজুল হক, মেজর জাহিদুর রহমান খান ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ভীষ্মদেব চক্রবর্তী। প্রসঙ্গত, প্রায় ছয় মাস আগে এই ব্যাটালিয়নের বিচার শুরু হয়েছিল বিশেষ আদালত-৫-এ। আদালত বিভাজনের কারণে গতকাল বিশেষ আদালত-৮-এ এই বিচার শুরু হয়েছে। এই ব্যাটালিয়নের মোট ৬২৩ জন আসামির মধ্যে হাবিলদার শফিকুল ইসলাম নামের একজন মারা গেছেন। আসামিদের মধ্যে ১৩ রাইফেল ব্যাটালিয়নের নিজস্ব সদস্য ৩১৫ এবং সংযুক্ত বিভিন্ন ব্যাটালিয়নের সদস্য ৩০৮ জন।