১৩ সেপ্টেম্বর জেনারেল মইনের সাক্ষ্য নেবে সংসদীয় কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালে সংঘটিত সেনা-ছাত্র সংঘর্ষের ঘটনায় আগামী ১৩ সেপ্টেম্বর সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের সাক্ষ্য নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি টেলিকনফারেন্সের মাধ্যমে তাঁর সাক্ষ্য নেবে।আজ মঙ্গলবার সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদীয় উপকমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।সংসদীয় কমিটির আহ্বানে সাড়া না দেওয়ায় সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা হবে না বলে জানা গেছে।সূত্র আরও জানায়, সভায় জরুরি অবস্থার সময় সংঘর্ষের ওই ঘটনায় এখন পর্যন্ত নেওয়া সাক্ষ্যের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদন নিয়েও আলোচনা হয়েছে। রাশেদ খান মেনন বলেন, ‘মইন উ আহমেদ কমিটিতে সাক্ষ্য দিতে আগ্রহ প্রকাশ করায় কমিটি তাঁকে ধন্যবাদ জানাবে। আগামী ১৩ সেপ্টেম্বর টেলিকনফারেন্সের মাধ্যমে এই সাক্ষ্য নেওয়া হবে।’ ই-মেইলের মাধ্যমে মইনকে কমিটির সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব শাহ মাহমুদ সিদ্দিকী বলেন, ‘সংসদীয় কমিটির ইতিহাসে এখন পর্যন্ত টেলিকনফারেন্সের নজির নেই। এ জন্য স্পিকারের পূর্বানুমতির প্রয়োজন। কমিটির পক্ষ থেকে বিষয়টি স্পিকারকে জানানো হবে।’২০০৭ সালের ওই সংঘর্ষের ঘটনা তদন্তে গত বছরের ১৯ আগস্ট রাশেদ খান মেননকে আহ্বায়ক করে চার সদস্যের সংসদীয় উপকমিটি গঠন করা হয়।কমিটিতে হাজির হয়ে সাক্ষ্য দিতে সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদকে দুবার চিঠি দেওয়া হয়েছিল। এর আগে সাক্ষ্য নেওয়ার প্রয়োজনে কমিটি তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী, তৎকালীন শিক্ষাসচিব, কয়েকজন সেনা কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, নির্যাতনের শিকার শিক্ষক ও ছাত্ররা সাক্ষ্য দেন।