১৩ সেপ্টেম্বর সারা দেশে অবস্থান কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতরের দিনে (গত বুধবার) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি করেছে ‘ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা’। যোগাযোগমন্ত্রীর অপসারণসহ সাত দফা দাবিতে ব্যতিক্রমী এ সমাবেশ হয়। সমাবেশ থেকে একই দাবিতে ১৩ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।ঈদের আগে দাবিগুলো পূরণ না হওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালন করা হয়। ঈদের দিন বেলা ১১টা থেকেই শহীদ মিনারে এ কর্মসূচি নিয়ে আগ্রহী সর্বস্তরের মানুষ জড়ো হতে থাকে। পূর্বনির্ধারিত সময় দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।সমাবেশের সভাপতি লেখক প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে। চট্টগ্রামের মিরসরাইয়ে ৪০টি শিশুকে অর্থাৎ ৪০টি ফুলকে ছিঁড়ে ফেলা হয়েছে। এরপর আমাদের অতি প্রিয় মিশুক মুনীর ও তারেক মাসুদকে হত্যা করা হয়েছে। এসব ঘটনার পর আমাদের বিবেক বলছে, এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। তাই ঈদের দিন অত্যন্ত বেদনা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। কারণ সাধারণ মানুষ হিসেবে রাষ্ট্রের সংকটে আমরা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না।’আবুল মকসুদ বলেন, ‘যে গণতন্ত্রে মানবাধিকার লঙ্ঘিত হয়, যে গণতন্ত্রে ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করা হয়, আমরা সেই ব্যবস্থার পরিবর্তন চাই।’ সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জাগ্রত তরুণ সমাজের চেতনাকে যদি মূল্যায়ন না করেন, তাহলে আপনাদের পরিণতি খারাপই হবে।’প্রখর রোদ ও একপর্যায়ে বৃষ্টি উপেক্ষা করে বিকেল সাড়ে চারটা পর্যন্ত স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার স্লোগান নিয়ে এই সমাবেশ চলে। সমাবেশে সঞ্চালক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস। আয়োজকেরা জানান, কয়েক শ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এই সমাবেশে সংহতি জানিয়েছে। এ ছাড়া শহীদ মিনারে এসেছেন তিন থেকে চার হাজার মানুষ।সমাবেশে যোগ দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বাংলাদেশের রাজনীতি এখন দুই রকম। একটি হালুয়া-রুটির রাজনীতি। আর সেটির দাবিদার হলো বড় বড় রাজনৈতিক দল। আমরা ছোট দল হতে পারি, কিন্তু আদর্শ হারাইনি।’ তিনি বলেন, এই কর্মসূচি বাতিল করার নানা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু সব অপপ্রচার তুচ্ছ করে জনতা এখানে সমবেত হয়েছে।ডাকসুর সাবেক নেতা ও রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যোগাযোগমন্ত্রী কয়েক দিন আগে বলেছেন, সাত দিনেই সব সমস্যার সমাধান করে ফেলবেন। এখন বলছেন, এক দিনেই তিনি সব সমস্যার সমাধান করে ফেলবেন। এক দিনেই যদি সব সমস্যার সমাধান করতে পারেন, তাহলে গত তিন বছর তিনি কী করেছেন?’মানিকগঞ্জে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত মিশুক মুনীরের ছোট ভাই আসিফ মুনীর বলেন, ‘বাংলাদেশের মানুষ একটি সুন্দর ভবিষ্যৎ চায়। আমরা প্রত্যেকেই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। সরকারকেই সেটি নিশ্চিত করতে হবে।’সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘আমরা সেই রাষ্ট্র চাই, যে রাষ্ট্র আমাদের স্বস্তি দেবে। তাই এই শহীদ মিনার থেকেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য-সচিব আনু মুহাম্মদ বলেন, ‘আপনারা জনগণের সেবক হিসেবে ক্ষমতায় এসেছেন, সেবক হিসেবেই আপনাদের দেখতে চাই। কিন্তু মন্ত্রীদের দাম্ভিকতা দেখে অবাক হই। ক্ষমতায় থাকলে সহিষ্ণু হতে হয়।’সাংবাদিক ও শিল্পী সাগর লোহানী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সব সময় মানুষের কথা বলেন, সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান। তাহলে আপনি কেন আজ সাধারণ মানুষের মনোভাব বুঝতে পারছেন না?’র‌্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমন বলে, ‘আজ ঈদের দিন সকালে হাসপাতালের বিছানায় আমাকে বসতে হয়েছে। আমি ঈদগাহে গিয়ে নামাজ পড়তে পারিনি। কারণ র‌্যাব আমার একটা পা নষ্ট করে দিয়েছে। আমি এর বিচার চাই।’সমাবেশে আরও বক্তব্য দেন মানবাধিকারকর্মী হামিদা হোসেন, সম্মিলিত নারী সমাজের সমন্বয়ক ফরিদা আক্তার, খুশী কবির, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, জাদুশিল্পী জুয়েল আইচ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, সাংবাদিক ও সম্পাদক নাঈমুল ইসলাম খান, অভিনেত্রী রোকেয়া প্রাচী, দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী, ভাস্কর রাশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রেজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা ও সুস্মিতা চক্রবর্তী, সাংবাদিক জ ই মামুন, মুন্নী সাহা প্রমুখ। সমাবেশে প্রতিবাদী গান গেয়ে শোনান শিল্পী মাহমুদুজ্জামান বাবু ও কৃষ্ণকলি।সমাবেশ থেকে যোগাযোগমন্ত্রীর অপসারণসহ সাত দফা দাবি জানানো হয়। অন্য দাবিগুলো হলো: অবৈধ লাইসেন্সপ্রাপ্তি বন্ধ করা, সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, গণপরিবহন খাতে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিদ্যমান আইন কঠোর করা, চালকদের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সড়ক ও পরিবহনসহ প্রশাসনের সর্বস্তরে কার্যকর জবাবদিহিতার কাঠামো প্রতিষ্ঠা করা।আয়োজকেরা জানান, সেপ্টেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, আর্জেন্টিনার ফুটবল দলের বাংলাদেশ সফর আছে। আর ১৩ সেপ্টেম্বর প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর এক মাস পূর্ণ হচ্ছে। এ কারণেই পরবর্তী কর্মসূচির জন্য এই দিন ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে অনশন ও পরবর্তী সময়ে আমরণ অনশন কর্মসূচি দেওয়া হবে।