১৩ সেপ্টেম্বর সারা দেশে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার জন্য সাত দফা দাবিতে ১৩ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের সব জেলার শহীদ মিনারের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি দিয়েছে ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা। সেদিন দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। একই দাবিতে সংগঠনটি পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী সমাবেশ ও অবস্থান কর্মসূচি করে। ১৩ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরের মৃত্যুর এক মাস পূর্ণ হচ্ছে। এ কারণেই সেদিন এ কর্মসূচি দেওয়া হয়েছে।গতকাল সংবাদ সম্মেলনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক কামাল লোহানী বলেন, ‘শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনকারীরা রাস্তাঘাটের কথা জানে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন। আমি গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে গিয়েছি। দুই ঘণ্টার রাস্তা যেতে সময় লাগে ছয় ঘণ্টা। সড়কগুলোর বেহাল দশা।’কামাল লোহানী বলেন, ‘বঙ্গবন্ধু বলতেন, যদি কারও এলাকার রাস্তা খারাপ থাকে, তাহলে যেন তাঁকে ওই এলাকায় দাওয়াত করা হয়। তিনি ওই এলাকায় গেলে এমনিতেই সরকারি কর্মকর্তারা ওই রাস্তা ঠিক করে ফেলবেন। প্রধানমন্ত্রী অন্তত এই কাজটুকু করতে পারতেন। কিন্তু তিনি তা না করে দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের রক্ষা করতে নেমেছেন।’সংগঠনের অন্যতম ব্যক্তি লেখক সৈয়দ আবুল মকসুদকে অসুস্থতার জন্য গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে মুঠোফোনে তিনি সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে বলেন, ‘আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, কিংবা কোনো রাজনৈতিক দলের পক্ষেও নয়। আমরা একটি সুন্দর সমাজ চাই, যেখানে সবার স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা থাকবে। তাই ১৩ সেপ্টেম্বরের অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’তেল গ্যাস বিদ্যু ৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, আজ যে দাবিতে আন্দোলন হচ্ছে, সেগুলোর চেয়ে যথাযথ দাবি আর কিছু হতে পারে না।অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রধান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে ১৮ বছর ধরে একা আন্দোলন করে আসছি। এখন অন্যরাও এগিয়ে আসছে। আমি সবাইকে এ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।’মিশুক মুনীরের ছোট ভাই আসিফ মুনীর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার প্রতিপক্ষ নই। আমরা সাধারণ মানুষের মনের কথা বলছি। আমার ভাই দেশকে কিছু দেওয়ার জন্য বিদেশের নাগরিকত্ব ছেড়ে দেশে এসেছিলেন। আমরা তাঁকে ধরে রাখতে পারিনি। আর যেন কাউকে এভাবে হারিয়ে যেতে না হয়।’সংবাদ সম্মেলনের শুরুতে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ছেলের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস। অন্যদের মধ্যে বক্তব্য দেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, ইনামুল হক ও শারমীন মুরশীদ। উপস্থিত ছিলেন সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি কাফি রতন, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর প্রমুখ।লিখিত বক্তব্য পড়েন সাংবাদিক সাগর লোহানী। বক্তব্যে তিনি সংগঠনের সাত দফা তুলে ধরেন। এগুলো হলো: দুর্নীতিগ্রস্ত যোগাযোগ ও নৌমন্ত্রীসহ সব অযোগ্য মন্ত্রী-কর্মকর্তার পদচ্যুতি, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করা, মন্ত্রীর সুপারিশে ২৪ হাজার লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বাতিল, ড্রাইভিং লাইসেন্স প্রদান প্রক্রিয়ার আধুনিকায়ন, সড়ক-নৌ ও রেল যোগাযোগের ক্ষেত্রে দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও গণপরিবহন ব্যবস্থায় দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইনের সংশোধন এবং জনগণের কাছে সব পর্যায়ে জনপ্রতিনিধি ও আমলাদের জবাবদিহি নিশ্চিত করা।সংহতি: ১৩ সেপ্টেম্বরের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে গতকাল যৌথ বিবৃতি দিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী, গণশিল্পী সংস্থা, বাংলাদেশ যুব ইউনিয়ন, যুব মৈত্রী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, আদিবাসী ছাত্র পরিষদ, বাংলাদেশ কৃষক সমিতি, স্পর্ধা, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ও বিপ্লবী ছাত্র মৈত্রী। বিবৃতিতে এই কর্মসূচি সফল করার জন্য সংগঠনগুলোর সারা দেশের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।