১৩ সেপ্টেম্বর সারাদেশে শহীদ মিনারের সামনের সড়কে অবস্থান
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাসহ সাত দফা দাবিতে ১৩ সেপ্টেম্বর দেশের সব শহীদ মিনারের সামনের সড়কে অবস্থান নেবে ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা। আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সারা দেশের মানুষকে এ অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনকারীরা রাস্তাঘাটের কথা জানে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন। আমি গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে গিয়েছি। দুই ঘণ্টার রাস্তা যেতে সময় লাগে ছয় ঘণ্টা। সড়কগুলোর বেহাল দশা।’প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কামাল লোহানী বলেন, ‘আপনি সাইরেন বাজিয়ে নিরাপদ সড়কে চলে যান। আপনার পক্ষে সাধারণ মানুষের কষ্ট বোঝা সম্ভব না।’ তিনি আরও বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী যেভাবে তাঁর দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের রক্ষা করতে নেমেছেন, তাতে আমাদের লজ্জা হয়। প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি সাধারণ মানুষের কথা শুনুন।’ রাজধানীর একটি হাসপাতালে ভর্তি গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ। সেখান থেকে তিনি মুঠোফোনে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা একটি সুন্দর সমাজ চাই, যেখানে সবার স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা থাকবে। এ আন্দোলন সরকারের বিরুদ্ধে নয় কিংবা কোনো রাজনৈতিক দলের পক্ষেও নয়।’ সৈয়দ আবুল মকসুদ ১৩ সেপ্টেম্বর সবাইকে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রধান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে ১৮ বছর ধরে একা আন্দোলন করে আসছি। চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরের মৃত্যুর পর সাধারণ মানুষের বিবেক জাগ্রত হয়েছে।’ তিনি সবাইকে এ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। তিনি সরকারের সব ব্যর্থ মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।মিশুক মুনীরের ছোট ভাই আসিফ মুনীর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতিপক্ষ হিসেবে দেখছেন। আমরা আপনার প্রতিপক্ষ নই। আমরা দেশের সাধারণ মানুষের মনের কথা বলছি। আমার ভাই দেশকে কিছু দেওয়ার জন্য বিদেশের নাগরিকত্ব ছেড়ে দেশে এসেছিলেন। আমরা তাঁকে ধরে রাখতে পারিনি। আমরা দেশটিকে বসবাসযোগ্য করার দাবি জানাচ্ছি।’সাত দফা দাবি হচ্ছে—দুর্নীতিগ্রস্ত যোগাযোগ ও নৌমন্ত্রীসহ সব অযোগ্য মন্ত্রী-কর্মকর্তাদের পদচ্যুতি, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের স্বাভাবিক মৃত্যু নিশ্চিত, মন্ত্রীর সুপারিশে ২৪ হাজার লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বাতিল, ড্রাইভিং লাইসেন্স প্রদান প্রক্রিয়ার আধুনিকায়ন, সড়ক, নৌ ও রেল যোগাযোগ ক্ষেত্রে দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও গণপরিবহন ব্যবস্থায় দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ দণ্ডবিধি ধারা ২৭৯ এবং ৩০৪বি আইনটি সংশোধন করে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং জনগণের কাছে সব পর্যায়ে জনপ্রতিনিধি ও আমলাদের জবাবদিহিতা নিশ্চিত করা।