১৩ হাজার গুলি ও ১৩ কেজি বিস্ফোরক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে গজারি বন থেকে ১৩ হাজার ৫৮২টি তাজা গুলি ও ১৩ কেজি বিস্ফোরকসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১-এর সদস্যরা গত বুধবার রাতভর অভিযান চালিয়ে ওই সব গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেন বলে দাবি করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) ভাষ্যমতে, সরকারি একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ও র‌্যাবের গোয়েন্দা বিভাগের কাছ থেকে র‌্যাব-১-এর সদস্যরা জানতে পারেন, কালিয়াকৈরের চাপাইর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে গজারি বনে বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরকের মজুদ রয়েছে—এ তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য দুই সপ্তাহ ধরে র‌্যাব-১-এর গোয়েন্দা দল ওই এলাকায় তথ্য সংগ্রহ করে। গোলাবারুদ মজুদ থাকতে পারে—এমন বেশ কয়েকটি স্থান চিহ্নিত করে তারা। বুধবার বেলা সাড়ে তিনটা থেকে র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল রাশিদুল আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল ওই এলাকায় অনুসন্ধান শুরু করে। তাদের সহযোগিতা করে কালিয়াকৈর থানার পুলিশ। একই সঙ্গে র‌্যাবের ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে তলব করা হয়। প্রায় ১২ ঘণ্টা তল্লাশি চালিয়ে বোয়ালিয়া বিটের গজারি বনের চারটি স্থানের মাটি খুঁড়ে পাঁচটি বস্তায় ভরা রাইফেল ও এসএমজির ১৩ হাজার ৫৮২টি তাজা গুলি, একটি ট্রাঙ্কভর্তি উচ্চক্ষমতাসম্পন্ন ১৩ কেজি বিস্ফোরক, ১০টি ডেটোনেটর, ১৩৫ ফুট রেকডেক্স (সেফটি ফিউজ), ১৭টি আইসি ও ১২টি ব্যাটারি কানেক্টর উদ্ধার করা হয়।র‌্যাব-১-এর উপপরিচালক মেজর নিশাদুল ইসলাম খান বলেন, কারা বা কী কারণে ওই সব গুলি ও বিস্ফোরকদ্রব্য রেখেছিল, তা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জানা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।তবে চাপাইর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘যে গর্তগুলোতে গুলি পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে, সে গর্তগুলো ছোট এবং দেখে মনে হয়, এক বা দুই দিন আগে এসব গর্ত করা হয়েছে।’গোলাম মোস্তফা বলেন, গত বুধবার সন্ধ্যার দিকে তিনজন লোক ওই গজারি বনের ভেতর থেকে ‘ডাকাত ডাকাত’ বলে দৌড়ে আসে। তখন ওই তিনজনের মধ্যে দুইজনকে এলাকাবাসী বসিয়ে রেখে একজনকে নিয়ে গজারি বনে যায়। কিন্তু ডাকাত বা কোনো লোকজন দেখতে না পেয়ে তারা ফিরে আসে। ওই তিনজনকে জিজ্ঞাসা করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, অভিযানকালে র‌্যাবের সঙ্গে পুলিশও ছিল। এর আগে কালিয়াকৈরের কোথাও এত গুলি বা বোমা বিস্ফোরক পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।