ফটিকছড়িতে ২০ সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজি
১৩টি শিবির-বিএনপি আর সাতটি ছাত্রলীগের সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখেও চট্টগ্রামের ফটিকছড়িতে থেমে নেই সন্ত্রাসীদের তত্পরতা।র্যাব ও পুলিশের কর্মকর্তারা জানান, বেশির ভাগ এলাকা পাহাড়বেষ্টিত এই উপজেলায় ২০ সন্ত্রাসী বাহিনীর তত্পরতা রয়েছে। এলাকাভিত্তিক গড়ে ওঠা এসব বাহিনীর মধ্যে ১৩টি নিয়ন্ত্রণ করে ইসলামী ছাত্রশিবির ও বিএনপি-সমর্থিত সন্ত্রাসীরা। বাকি সাতটি বাহিনীর নিয়ন্ত্রণ ছাত্রলীগ-সমর্থিত সন্ত্রাসীদের হাতে। খুন, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি ছাড়াও এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারে নিজ নিজ দলের পক্ষে ব্যবহূত হয় এসব বাহিনী। র্যাব-পুলিশের অভিযানের মুখে বেশির ভাগ বাহিনীর প্রধান বিদেশে বসে টেলিফোনে চাঁদাবাজি চালাচ্ছেন বলে ভুক্তভোগীদের অনেকের কাছ থেকে র্যাব-পুলিশ অভিযোগ পেয়েছে। এর মধ্যে ব্যবসায়ী ও প্রবাসীদের পরিবার চাঁদাবাজির শিকার হচ্ছে বেশি। সাম্প্রতিক সময়ে এ চাঁদাবাজি ব্যাপকভাবে বেড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু ভুক্তভোগীরা ভয়ে মুখ খুলতে চায় না। তবে অনেকে গোপনে র্যাব-পুলিশকে জানিয়েছে।পুলিশ সূত্র জানায়, স্থানীয় এক ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়ার সূত্র ধরেই গত রোববার ভোরে ফটিকছড়ির ওসমান বাহিনীর প্রধান দুর্ধর্ষ ওসমান র্যাব ও পুলিশের সঙ্গে এক বন্দুকযুদ্ধে নিহত হন।চট্টগ্রামের দায়িত্বে থাকা র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. সাজ্জাদ হোসাইন জানান, ফটিকছড়ির সাত-আটজন ভুক্তভোগী তাঁর কাছে অভিযোগ করেছে। তিনি বলেন, খোঁজ নিয়ে জানা গেছে, ওই সন্ত্রাসীদের কেউ দুবাই, আবার কেউ ভারতে অবস্থান করছে। সন্ত্রাসীরা যে ওই দুটি দেশে বসেই ফোনে চাঁদা দাবি করছে; যা ভুক্তভোগীদের মোবাইল ফোনসেটের কললিস্ট দেখে প্রমাণ মিলেছে।র্যাব-৭-এর অধিনায়ক বলেন, সন্ত্রাসীরা ভুক্তভোগীদের কাছ থেকে পাঁচ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করে। কেউ এ রকম পরিস্থিতিতে পড়লে র্যাবকে জানাতে পরামর্শ দেন তিনি। সন্ত্রাসকবলিত ফটিকছড়ির সন্ত্রাস দমনে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তত্কালীন অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির। বর্তমানে তিনি ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার। ২০০৪ সালে দায়িত্ব পালনের সময় তাঁর সঙ্গে শিবির, ছাত্রলীগ ও বিএনপি-সমর্থিত অনেক সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধও হয়েছে। তাতে কয়েকজন বড় সন্ত্রাসী নিহতও হয়। এ ব্যাপারে চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলোকে বলেন, ফটিকছড়ির ২০ বাহিনীতে প্রায় ৫০০ সদস্য রয়েছে বলে ধারণা করা হয়। আর র্যাবের হিসাব অনুযায়ী এসব বাহিনীর সন্ত্রাসীর সংখ্যা ৫২৪।র্যাব সূত্র জানায়, ফটিকছড়ি থানার পুলিশের ১৩ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী ও ছাত্রলীগ ক্যাডার নাজিমউদ্দিন পুলিশের অভিযানের পর দুবাইতে চলে যান। গোপনে দেশে আসা-যাওয়া করেন তিনি। সর্বশেষ দেশে এসে ২০ দিন থেকে আবার ১৫ ডিসেম্বর তিনি দুবাইতে চলে যান। ফোনে দুবাইতে যোগাযোগ করা হলে নাজিমউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাকে কেন সন্ত্রাসী বলছেন? আমার বিরুদ্ধে তো কোনো মামলা নেই। আমি দুবাইতে ব্যবসা করে টাকা রোজগার করছি।’ তবে পুলিশের তালিকায় নাজিমের বিরুদ্ধে দুটি মামলা আছে। পুলিশ সূত্র জানায়, ছাত্রশিবির ও বিএনপির সন্ত্রাসী বাহিনী পরিচালনা করছে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী। তাদের মধ্যে আবুল কাশেম ওরফে কাশেম চেয়ারম্যানের বাহিনী সবচেয়ে বড়। কাশেম চেয়ারম্যান চট্টগ্রামের আলোচিত বিএনপির নেতা জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি। তিনি দীর্ঘদিন ভারতে ছিলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি দেশে ফিরে নতুন পাসপোর্ট বানিয়ে দুবাইতে চলে যান। এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে আছেন বলে জানা গেছে।পুলিশ সূত্র জানায়, শিবির-বিএনপির সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রণ করছেন নাছির ওরফে লেডা নাছির, রাজু ওরফে রাশেদুল আনোয়ার, আমির আলী, বিডিআর সেলিম, ভাগিনা রমজান, শিপন, সেয়াকত, দিদার, আলতাফ ওরফে বিডিআর আলতাফ, জানে আলম, আবু ছালেহ প্রমুখ। ভাগিনা রমজান গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জামিন পেয়ে গা ঢাকা দেন। ভাগিনা রমজান ও বিডিআর সেলিম এখন দুবাইতে অবস্থান করছেন বলে র্যাব সূত্র জানায়।ছাত্রলীগের সন্ত্রাসীদের মধ্যে তৈয়ব, বাকের, দৌলত, কাইয়ুম, নাজিম, শফিউল ও শামীম বিভিন্ন বাহিনীর নেতৃত্ব দেন বলে জানা গেছে। তৈয়ব কলকাতায় অবস্থান করছেন। দৌলত বাহিনীর প্রধান মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দৌলত দুবাই ও শামীম বাহিনীর প্রধান শামীম কারাগারে আছেন বলে জানা গেছে।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আকতার প্রথম আলোকে বলেন, গত শনিবার নিহত ওসমান বাহিনীর প্রধানের কাছে চারটি একে-৪৭ রাইফেল ও দুটি এম-১৬ অস্ত্র ছিল। এসব অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। এ ছাড়া দুবাইতে পালিয়ে যাওয়া কাশেম চেয়ারম্যানসহ অন্যান্য বাহিনীর সন্ত্রাসীদের কাছে ভারী অস্ত্রশস্ত্র মজুদ আছে বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে বলে তিনি জানান।